নিয়োগ-বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার ঘোস্তা দিদার মাহমুদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই পদের প্রার্থী আনিসুর রহমান নামের এক ব্যক্তি ১৩ জুন মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে মামলা করেছেন।

আরজি সূত্রে জানা যায়, ঘোস্তা এলাকায় দিদার মাহমুদ উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য ছিল। গত বছরের ৭ ডিসেম্বর প্রধান শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রধান শিক্ষক পদে বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান, আনিসুর রহমানসহ ১২ জন প্রার্থী আবেদন করেন। চলতি বছরের ২৪ মে প্রধান শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার আগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সায়েদুর রহমানসহ কমিটির কয়েকজন সদস্য তাঁর (আনিসুর রহমান) কাছে ছয় লাখ টাকা ঘুষ দাবি করেন। কিন্তু এতে তিনি রাজি হননি। মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমানকে পরীক্ষায় প্রথম হয়েছেন বলে ঘোষণা করা হয়।

আনিসুর রহমান অভিযোগ করেন, বিজ্ঞপ্তি প্রকাশের ছয় মাসের মধ্যে নিয়োগ-প্রক্রিয়া শেষ করার বিধান রয়েছে। তবে ছয় মাস পেরিয়ে গেলেও ব্যবস্থাপনা কমিটি নিয়োগ-প্রক্রিয়া শেষ করেনি। কমিটির সভাপতিসহ কয়েকজন বিদ্যালয়ের রেজল্যুশন বই ব্যবহার করেননি। বিধিবহির্ভূতভাবে বাইরে থেকে বই কিনে বাড়ি বাড়ি গিয়ে টাকার বিনিময়ে কমিটির অন্য সদস্যদের কাছ থেকে স্বাক্ষর নিচ্ছেন।

২ জুন ব্যবস্থাপনা কমিটি মজিবর রহমানকে প্রধান শিক্ষক পদে নিয়োগপত্র দেয়। ৪ জুন তিনি দায়িত্ব বুঝে নেন। এদিকে মজিবর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ের রেজল্যুশন বই সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য তোফাজ্জল হোসেন বলেন, গত বৃহস্পতিবার সহকারী প্রধান শিক্ষক মজিবর রহমান রেজল্যুশন বইসহ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুজন অভিভাবক সদস্যসহ তাঁকে হাতেনাতে ধরে ফেলেন।

মজিবর রহমান বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তাঁকে নিয়োগ দিয়েছে। ঘুষ নয়, যোগ্যতার নিরিখে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সায়েদুর রহমান বলেন, সব বিধিবিধান মেনেই মজিবর রহমানকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। ঘুষ কিংবা উৎকোচের বিনিময়ে তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। নিয়োগ না পেয়ে ওই প্রার্থী (আনিসুর রহমান) আদালতে মিথ্যা মামলা করেছেন।