নীতিমালা লঙ্ঘন করে কৃষিজমিতে পুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে জমির প্রকৃতি পরিবর্তন করার অভিযোগ পাওয়া গেছে। কৃষিজমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খননের হিড়িক পড়েছে। এতে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। চাষাবাদ হুমকির মুখে পড়ছে।
সরেজমিনে উপজেলার ঝিকরা, গোয়ালকান্দি, বাসুপাড়া, মাড়িয়া, নরদাশ, বড়বিহানালী, গণিপুর ও দ্বীপপুর ইউনিয়ন এলাকায় জমির প্রকৃতি পরিবর্তনের দৃশ্য দেখা গেছে। কৃষিজমির প্রকৃতি পরিবর্তন করে এখন জলাশয় করা হয়েছে। জলাশয়ের চারপাশে রয়েছে উঁচু পাড়। এ ছাড়া এসব এলাকার কৃষিজমিতে খননযন্ত্র বসিয়ে এখনো পুকুর খনন করা হচ্ছে। অথচ মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে, জমির প্রকৃতি পরিবর্তন করা যাবে না। নীতিমালা জারির পর থেকে কৃষিজমির প্রকৃতি পরিবর্তন করে ৪২টি পুকুর খনন করা হয়েছে এবং আরও ২২টি পুকুর খননকাজ চলছে।
গত বছরের ১১ জুন ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এ টি এম আজাহারুল ইসলামের স্বাক্ষর করা নীতিমালা-সংক্রান্ত চিঠিতে বলা হয়, কৃষিজমি যতটুকু সম্ভব রক্ষা করতে হবে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া জমির প্রকৃতিগত কোনো পরিবর্তন আনা যাবে না। এই চিঠির অনুলিপি গত বছরের ২২ জুলাই রাজশাহীর জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছায়। একই সময়ে জেলা প্রশাসকের দপ্তর থেকে ওই নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চিঠির একটি অনুলিপিও পাঠানো হয়েছে বলে উভয় দপ্তরের দায়িত্বশীল দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন।
ইউএনওকে গত ডিসেম্বর ও চলতি মাসে দেওয়া ওই সব এলাকার পাঁচ শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দাদের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, এলাকার প্রভাবশালী ব্যক্তিরা কৃষিজমির প্রকৃতি পরিবর্তন করছেন। অভিযোগে তাঁরা বলেছেন, প্রথমে প্রভাবশালী ব্যক্তিরা স্থানীয় কিছু লোকজনের কাছ থেকে কৃষিজমি তিন বা ১০ বছরের জন্য ইজারা নিয়ে সেখানে পুকুর খনন শুরু করেন। পরে কৌশলে ওই পুকুরের আশপাশের অন্য জমির মালিককেও তাঁদের জমি ইজারা দিতে বাধ্য করেন।
ঝিকরার আবদুল মানিক, বাসুপাড়ার জেকের আলী, গোয়ালকান্দির আবদুল মজিদ, লতিফ নামের কৃষক অভিযোগ করে বলেন, তাঁদের জমি প্রথমে দেননি। ইজারা নেওয়া আশপাশের জমিতে ড্রেজার দিয়ে খনন শুরু করা হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তাঁদের জমিও প্রভাবশালী ব্যক্তিদের পুকুর খননের জন্য দিতে হয়।
উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা এলাকায় কৃষিজমিতে কমপক্ষে ৫৩ জন প্রভাবশালী ব্যক্তি ৪২টি পুকুর খনন করেছেন। তাঁদের মধ্যে এবাদুল ইসলাম, হাবিবুর রহমান, রমজান আলী, আবদুস সালাম, মোশারফ হোসেন ও বাবুল হোসেন বলেন, জমির মালিকের কাছ থেকে ইজারা নিয়ে কৃষিজমিতে পুকুর খনন করেছেন। তবে তাঁরা জমির প্রকৃতি পরিবর্তনের জন্য কোনো আবেদন করেননি।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, আবাদি জমিতে পুকুর খননের কারণে চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে।
বাগমারার ইউএনও তরিকুল ইসলাম বলেন, জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খননকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানাও করা হয়েছে। তবে যাঁরা খনন করেছেন, তাঁরা প্রকৃতি পরিবর্তনের জন্য কোনো আবেদন করেননি।