নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিকে শিক্ষক বদলি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নীতিমালা লঙ্ঘন করে পটুয়াখালীর বাউফল উপজেলায় অন্তত আটজন শিক্ষককে বদলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ শিক্ষকেরা গত সোমবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনের চত্বরে প্রচারপত্র বিতরণ করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে চার-পাঁচজন শিক্ষক বলেন, টাকা দিলে স্যারকে (উপজেলা শিক্ষা কর্মকর্তা) দিয়ে সব করানো যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান ফিরোজ বলেন, ‘বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানালে তিনি চেপে যেতে বলেন এবং টাকা দিয়ে রফার প্রস্তাব দেন। এই বদলি বাতিল না করা হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা রঙ্গলাল রায় বলেন, ‘নীতিমালা মেনেই বদলি করা হয়েছে।’
নীতিমালা অনুযায়ী, একই পদে একাধিক আগ্রহী প্রার্থী থাকলে জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলি করতে হবে। প্রেষণে থাকা শিক্ষকের প্রেষণ বাতিল না করে বদলি করা যাবে না। যেসব বিদ্যালয়ে চারজন বা তার কমসংখ্যক শিক্ষক কর্মরত আছেন, সেখানে প্রতিস্থাপন ছাড়া বদলি করা যাবে না।
পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমীন আক্তার বলেন, ‘১৯৯৯ সালের ১৮ আগস্ট সহকারী শিক্ষক পদে যোগদান করি। বিদ্যালয়টিতে আসতে ও যেতে প্রায় ১৪ কিলোমিটার পথ হাঁটতে হয়, যা খুবই কষ্টকর। এ কারণে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে বদলির জন্য আবেদন করি। কিন্তু ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর সহকারী শিক্ষক পদে যোগদান করা ও নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেষণে শিক্ষকতা করা অবস্থায় সর্বকনিষ্ঠ একজন শিক্ষককে ওই পদে বদলি করা হয়েছে।’
পূর্ব ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর নুর বলেন, ‘পূর্ব মদনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলির জন্য আবেদন করি। কিন্তু জ্যেষ্ঠতা লঙ্ঘন করে এক কনিষ্ঠ শিক্ষককে ওই পদে বদলি করা হয়েছে।’
সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্র জানায়, চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক চারজন। তাঁদের মধ্যে একজন প্রেষণে। বাকি তিনজনের মধ্যে একজনকে বদলি করা হয়েছে। একইভাবে আবদুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারজন শিক্ষকের মধ্য থেকে একজনকে বদলি করা হয়েছে কাউকে প্রতিস্থাপন না করেই। মঠবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে থেকে প্রতিস্থাপন না করেই দুজন শিক্ষককে বদলি করা হয়েছে।
দক্ষিণ গোসিঙ্গা আবদুল কাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারা বেগম, কায়না বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম ও পশ্চিম বাহির দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন নাহার বলেন, তাঁরা বদলির জন্য আবেদন করলেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে কনিষ্ঠ শিক্ষকদের তাঁদের পদে বদলি করা হয়েছে।