নীতিমালা লঙ্ঘন করে যত্রতত্র এলপি গ্যাস, পেট্রল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় রাস্তাঘাট, বাজার এলাকা ও সড়কের বিভিন্ন মোড়ে যত্রতত্র বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার, পেট্রলসহ দাহ্য পদার্থ। গত মাসে অনুমোদনহীন একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণের পরও দাহ্য পদার্থ বিক্রির নীতিমালা মানার কোনো লক্ষণই নেই বিক্রেতাদের মধ্যে। ফলে যেকোনো সময় আবারও বিস্ফোরণের আশঙ্কা করা হচ্ছে।

গত বুধবার ওই সব দাহ্য পদার্থ বিক্রির বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, এখনো অবাধে বেচাকেনা চলছে। দোকানপাটে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে। দোকানদার এক লিটার অথবা দুই লিটারের প্লাস্টিকের বোতলে পেট্রল ভরে টেবিলের ওপর পসরা সাজিয়ে রেখেছেন। যে কেউ ইচ্ছা করলেই বোতলভর্তি পেট্রল কিনতে পারছে। অথচ দাহ্য পদার্থ পেট্রল বিক্রি করতে হলে বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিতে হয়।

বিস্ফোরক পরিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার, পেট্রল, মবিল বিক্রির জন্য কমপক্ষে ফ্লোর পাকাসহ আধপাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ লাইসেন্সসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার, মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই কেবল বিস্ফোরক লাইসেন্স পাওয়ার যোগ্য। বিস্ফোরক লাইসেন্স ছাড়া কোনো দোকানে দাহ্য পদার্থ বিক্রি করা যাবে না।

উপজেলার কুড়াহার গ্রামের আশিকুর রহমান (৪০) বলেন, এ উপজেলায় দিন দিন বেড়ে চলেছে দাহ্য পদার্থ বিক্রির দোকানের সংখ্যা। কোমল পানীয়র বোতলে ভরে পেট্রল বিক্রি করা হচ্ছে। এসব দোকানের পেট্রলের ক্রেতাকে অনেক দোকানি চেনেন না বা জানেন না। এটি খুবই বিপজ্জনক। দুষ্কৃতকারীদের হাতে পেট্রল চলে যেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদরের এক দাহ্য পদার্থ বিক্রেতা বলেন, ‘আমরা গরিব মানুষ। টুকটাক তেল বিক্রি করে কোনো রকমে সংসার চালাই। আমরা এই আইন সম্পর্কে কিছুই জানি না।’

উপজেলার সাত-আটজন বলেন, এ উপজেলার রায়নগর, মহাস্থান, চণ্ডীহারা, মোকামতলা, আমতলী, গুজিয়া, দাড়িদহ, কিচক, সংসারদিঘি, জামুরহাট, বরিয়ারহাট, কালীতলা, আটমূল, পিরব, বুড়িগঞ্জ, খয়রাপুকুর, বিহার, গাংনগর, পৌর এলাকার সদর, বগিলাগাড়ির মোড়, শবদলদিঘিসহ বিভিন্ন বাজার ও সড়কের মোড়ে মুদি ও রকমারি দোকানেও পেট্রলের পাশাপাশি দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে। এ উপজেলায় এ রকম প্রায় ২০০ দোকান রয়েছে। অনেক দোকানে আবার এলপি গ্যাস সিলিন্ডারে ভরে বিক্রি করা হচ্ছে। অনুমোদনহীন এসব দোকান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দীর্ঘদিন। গত ৯ সেপ্টেম্বর উপজেলার কিচকে পেট্রল ও এলপি গ্যাস সিলিন্ডার একসঙ্গে বিক্রি করতে গিয়ে নওশীন এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বিস্ফোরণ ঘটে। এতে ওই দোকানসহ আশপাশের বেশ কয়েকটি দোকান পুড়ে প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ ওই বিস্ফোরণের পরও এ উপজেলায় যত্রতত্র দাহ্য পদার্থ বিক্রি করা বন্ধ হয়নি।

বিস্ফোরক পরিদপ্তর সূত্রে জানা গেছে, শিবগঞ্জে অনুমোদিত পেট্রল পাম্প রয়েছে ১২টি। এগুলো দিনরাত খোলা থাকে। আর পেট্রলসহ বিভিন্ন তেল বিক্রির অনুমোদন রয়েছে ১০ জনের। অন্যদিকে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অনুমোদন পেয়েছেন ছয়জন।

জানতে চাইলে রাজশাহী বিভাগীয় বিস্ফোরক পরিদর্শক আসাদুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, যাঁদের নামে অনুমোদন আছে, তাঁরাই শুধু এলপি গ্যাস সিলিন্ডার, পেট্রলসহ দাহ্য পদার্থ বিক্রি করতে পারবেন। অনুমোদন ব্যতীত যাঁরা এসব বিক্রি করবেন, তাঁদের আইনের আওতায় আনা হবে। এসব অবৈধ বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।