নীতিমালা লঙ্ঘন করে সরকারি কর্মচারীকে ডিলার নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সরকারি নীতিমালা লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীকে হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির পরিবেশক (ডিলার) নিয়োগ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজারে হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য মো. মিরাজ মুন্সি নামের এক ব্যক্তিকে পরিবেশক নিয়োগ করা হয়েছে।
মিরাজ মুন্সি রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী। তিনি নিয়মিত সরকারি বেতন-ভাতা পাচ্ছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হোসেন বলেন, সরকারি নীতিমালায় কোনো সরকারি কর্মচারী-কর্মকর্তা বা কোনো জনপ্রতিনিধিকে এই ক্ষেত্রে পরিবেশক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে নির্দেশনা রয়েছে।
সূত্র জানায়, খাদ্য অধিদপ্তরের গত ১০ মার্চের ২৪০ (৭২) নম্বর স্মারকের চিঠি ও ২৫ জুলাই ১৫৭ নম্বর স্মারকে জারি করা নীতিমালার পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পর্যায়ে হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের লক্ষ্যে ডিলার নিয়োগের জন্য ৮ সেপ্টেম্বর উপজেলা যাচাই কমিটির সভা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে ২৩ ব্যবসায়ীকে হতদরিদ্রদের মধ্যে স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণের জন্য ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে মো. মিরাজ মুন্সিও রয়েছেন।
সরকারি বেতন-ভাতা পাচ্ছেন এমন ব্যক্তিকে পরিবেশক হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো, জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দাবি করেন, ‘মিরাজ মুন্সির বিষয়টি আমরা খোঁজখবর নিয়ে দেখেছি। তিনি সরকারি বেতন-ভাতা পান না। বিদ্যালয়ের তহবিল থেকে তাঁকে সামান্য কিছু টাকা দেওয়া হয় বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি।’ তিনি আরও বলেন, মিরাজ মুন্সি সরকারি বেতন-ভাতা পাচ্ছেন, এ বিষয়টি প্রমাণিত হলে পরিবেশক হিসেবে তাঁর নিয়োগ বাতিল করা হবে।
তবে রাঙ্গাবালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম সগির বলেন, ‘মিরাজ মুন্সি রাঙ্গাবালী মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত আছেন। তিনি ৮ হাজার ২৫০ টাকা স্কেলে সরকারি বেতন-ভাতা পাচ্ছেন।’
এ ব্যাপারে কথা বলার জন্য মিরাজ মুন্সির মুঠোফোনে কয়েকবার ফোন করলে তা বন্ধ পাওয়া গেছে।