নীরব গুলশানের ৭৯ নম্বর সড়ক
হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর পাল্টে গেছে গোটা গুলশান এলাকার চিত্র। রাস্তাঘাট, রেস্তোরাঁ অনেকটাই ফাঁকা। গোটা এলাকায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক পাহারা। তবে সবচেয়ে বেশি নীরব ৭৯ নম্বর সড়ক।
এই সড়কের শেষ মাথাতেই হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁ। সড়কটিতে যাওয়ার অন্য রাস্তাগুলোতে পুলিশের সতর্ক পাহারা। আর হলি আর্টিজান বেকারিতে যাওয়ার গলির মুখে রাখা আছে কাঁটাতারের প্রতিবন্ধক। অনুমোদিত ব্যক্তি ছাড়া কাউকেই গলির ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। তারপরও কেউ কেউ ওই হামলাস্থলের খোঁজ নেন। গলির মুখে দাঁড়িয়ে থাকা পুলিশের কাছে জানতে চান ভেতরের অবস্থা সম্পর্কে।
গতকাল শনিবার ওই এলাকায় গিয়ে দেখা গেছে, হলুদ রঙের সড়ক প্রতিবন্ধকের ওপরে ১ জুলাইয়ের জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে বেশ কিছু কাগজের প্ল্যাকার্ড ঝোলানো আছে। বৃষ্টিতে ধুয়ে লেখাগুলো বেশ অস্পষ্ট হয়ে গেছে। কিছু আবার ছিঁড়েও গেছে। তবে ডিজিটাল ব্যানারগুলো এখনো আছে ভালোভাবেই। তার একটিতে লাল হরফে লেখা, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা তোমাদের সঙ্গেই আছি।’
ব্যারিকেডের সামনে রাখা ফুলগুলো এখন কিছুটা মলিন হয়ে এসেছে। গাঁদা আর গোলাপের পাপড়িগুলো তামাটে হয়ে গেছে। তবে মলিন হয়ে যাওয়া ফুলগুলোর স্তূপে কিছু তাজা ফুলও দেখা গেল। দায়িত্বরত পুলিশ কর্মকর্তা বললেন, একজন জাপানি নাগরিক সকালে এসে এগুলো দিয়ে গেছেন।
১ জুলাইয়ের ওই জঙ্গি হামলায় ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও পুলিশের দুজন কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর এক কর্মী নিহত হন। ১৭ জন বিদেশি নাগরিকের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।
হমালার পর ১৫ দিন কেটে গেছে। হলি আর্টিজানে উৎসুক মানুষের ভিড়ও এখন অনেক কম। কেউ কেউ আসছেন রেস্তোরাঁটিতে তাঁদের আগের স্মৃতির সঙ্গে এখনকার অবস্থা মিলিয়ে দেখতে। ঢোকার সুযোগ অবশ্য পাচ্ছেন না। এমনই একজন হলেন তপন হালদার। পেশাগত কারণে আগে অনেকবারই সহকর্মীদের সঙ্গে এসেছেন হলি আর্টিজান রেস্তোঁরায়। জঙ্গি হামলার পর গতকালই এসেছিলেন এর সামনে। পুলিশ সদস্যদের জিজ্ঞেস করছিলেন ভেতরে যাওয়া যাবে কি না। অনুমতি না পেয়ে ধরলেন ফেরার পথ।
পরিচিত একটি জায়গায় এমন হামলার পর দেশের সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়ে কিছুটা চিন্তিত আছেন বলে জানালেন তপন। তিনি বলেন, ‘নিজের নিরাপত্তা নিয়েই এখন ভয়ে থাকি।’
বাড্ডার নতুন বাজার এলাকায় থাকেন সুহানা রহমান। টিভিতে দেখা হলি আর্টিজান বেকারিটি একপলক দেখতে এসেছিলেন এই গৃহবধূ। এই প্রতিবেদকের কাছেও জানতে চাইলেন রেস্তোরাঁর ভেতরের অবস্থা কেমন। তিনি বলেন, এমন নৃশংসতা কোনো ধর্মই সমর্থন করে না। টিভিতে আর পত্রিকায় পড়েই জঙ্গিদের কাজকর্মে তিনি শিউরে উঠেছিলেন।
হলি আর্টিজান রেস্তোরাঁর সামনে দায়িত্বরত পুলিশের এসআই মো. মেহেদী হাসান বলেন, ঘটনার পর থেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসছেন মানুষ। বিদেশি নাগরিকেরাও আসছেন। এখন আগের চেয়ে সংখ্যা কমেছে।