নীলক্ষেতে ককটেল বিস্ফোরণে আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেত এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণে পাঁচজন আহত হয়েছেন।

আহত ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রলয় ঘোষ, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা হজরত আলী এবং পথচারী আবদুল জলিল ও মাহমুদুল হাসান। তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংবাদদাতা জানান, সন্ধ্যা পৌনে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে এই পাঁচজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। চিকিৎসকেরা জানান, প্রলয় ঘোষের বাম পায়ে, সিরাজুলের ডান হাত ও বাম পায়ে, হজরত আলীর ডান হাতে, আবদুল জলিলের ডান পায়ে এবং মাহমুদুল হাসানের ডান হাতে ককটেলের স্প্লিন্টার লাগে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর ফকিরাপুল মোড়ে ককটেল বিস্ফোরণে আবদুর রশিদ নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। আজ রাত পৌনে আটটায় ফকিরাপুল মোড়ে এ ঘটনা ঘটে। তাঁকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।