রাজধানীর নীলক্ষেত মোড়ে বাসের ধাক্কায় এক ছাত্রী আহত হওয়ার জের ধরে সেখানে কয়েকটি গাড়ির জানালার কাচ ভাঙচুর করেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় সেখানে প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন ছাত্রীরা। এতে আজিমপুর অভিমুখী রাস্তায় যানজটের সৃষ্টি হয়।
কলেজের একাধিক ছাত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল সাড়ে পাঁচটার দিকে কলেজ হোস্টেলের সামনে রাস্তা পার হতে গেলে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্রী নাজনীন আকতার আহত হন।
কলেজের শিক্ষার্থীরা তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সন্ধ্যা ছয়টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুমা আকতারের নেতৃত্বে প্রায় শ খানেক ছাত্রী নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি বাসের জানালার কাচ ভাঙচুর করা হয় বলে পুলিশ অভিযোগ করেছে। সেখান থেকে গুলিস্তান-ধামরাই পথে চলাচলকারী তিনটি বাস আটক করে কলেজের ভেতরে নিয়ে যান ছাত্রীরা।
ছাত্রীরা রাস্তা আটকে আহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ ও নীলক্ষেত মোড়ে গতিরোধক বসানোর দাবি জানান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানতে চাইলে কলেজ ছাত্রলীগের নেত্রী মাসুমা আকতার প্রথম আলোকে বলেন, আহত নাজনীনের পা থেঁতলে গেছে। বড় কোনো ক্ষতির আশঙ্কায় ক্ষতিপূরণের দাবিতে দ্রুত তিনটি বাস আটক করা হয়। পরে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে কলেজের হোস্টেলের ফটকের সামনে গতিরোধক বসানোর দাবি জানান। পুলিশের কর্মকর্তারা ও কলেজের অধ্যক্ষ গতিরোধক বসানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এ সময় কোনো গাড়ি ভাঙচুর হয়নি বলে দাবি করেন তিনি।
তবে যোগাযোগ করা হলে পুলিশের লালবাগ অঞ্চলের ডিসি মফিজ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এক ছাত্রী পায়ে ব্যথা পাওয়ায় অন্যরা রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর করে। তাৎক্ষণিকভাবে গাড়ির কাউকে ধরা যায়নি। কেউ গাড়ির নম্বরও বলতে পারেনি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।