নীলক্ষেতে মার্কেট নিয়ে দুর্নীতি

নিয়ম না মেনে নিলক্ষেতে একটি মার্কেটের জায়গা বরাদ্দ দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রশাসকসহ সাত কর্মকর্তা৷ সেই জায়গায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতি না নিয়েই দুটি বহুতল ভবন নির্মাণ করেন মার্কেট সমিতির দুই নেতা৷
এই অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই নয়জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ কিন্তু মামলা থেকে ঠিকই বড় কর্মকর্তারা অব্যাহতি পান। নিম্নপদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক৷ তবে ওই মামলায় প্রত্যেক আসামির অপরাধের মাত্রা প্রায় সমান ছিল—দুদকের দায়ের করা মামলার এজাহার ও ডিএসসিসির একটি তদন্ত প্রতিবেদনে এটা উল্লেখ করা হয়েছে৷ এই অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটে ডিএসসিসির মালিকানাধীন নীলক্ষেত রোড সাইড দক্ষিণ মার্কেট নিয়ে৷ মার্কেটটি ‘তুলা মার্কেট’ হিসেবে পরিচিত৷
অভিযোগপত্র থেকে বড় কর্মকর্তাদের নাম বাদ দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আবদুস সোবহান ২২ অক্টোবর প্রথম আলোকে বলেন, ‘বড় কর্মকর্তারা না বুঝে, না শুনে, আন্দাজের ভিত্তিতে ওই মার্কেটের জায়গা বরাদ্দে স্বাক্ষর করেছিলেন৷ নিচের পদের কর্মকর্তারা জায়গাটি বরাদ্দ দিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়েছিলেন৷’
মামলার অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে, তাঁরা হলেন ডিএসসিসির সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সার্ভেয়ার সৈয়দ রুমান ও মুরাদ হোসেন। মামলা থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তারা হলেন ডিএসসিসির সাবেক প্রশাসক খলিলুর রহমান, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী, সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বিল্লাল হোসেন, সাবেক সম্পত্তি কর্মকর্তা দিদারুল আলম। এই চারজন ডিএসসিসি থেকে অন্যত্র বদলি হয়েছেন৷ খলিলুর রহমান চাকরি থেকে অবসর নিয়েছেন৷ আর সৈয়দ রুমান ও মুরাদ হোসেন নিজ কর্মস্থলে বহাল রয়েছেন। মোহাম্মদ আলীকে অন্য একটি দুর্নীতির ঘটনায় আগেই সাময়িক বরখাস্ত করেছে ডিএসসিসি। এ ছাড়া ওই চার কর্মকর্তার সঙ্গে মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নীলক্ষেত সিটি করপোরেশন মার্কেট দোকান মালিক সমিতির সাবেক সভাপতি এ কে এম সামছুদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এদিকে গত ১১ মে তুলা মার্কেটের ওই বরাদ্দ বাতিল ও ভবন দুটি ভেঙে ফেলার সুপারিশ করেছে ডিএসসিসি গঠিত একটি তদন্ত কমিটি। গত ৩১ সেপ্টেম্বর তা অনুমোদন দিয়েছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল বুধবার পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম শুরু হয়নি।
যত অনিয়ম: নীলক্ষেতর গার্হস্থ্য অর্থনীতি কলেজের উত্তর পাশে প্রায় ৩২ শতাংশ জায়গার ওপর ছিল তুলা মার্কেটের একটি একতলা লম্বা (পূর্ব-পশ্চিম) ভবন। এই মার্কেটের ছাদ, পেছন ও আশপাশের খালি জায়গা দোকান নির্মাণে (নিজ খরচে) ডিএসসিসির সাবেক প্রশাসক বরাবর আবেদন করেন নীলক্ষেত সিটি করপোরেশন মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি এ কে এম সামছুদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন। তাঁদের আবেদনে সুপারিশ করেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। ওই আবেদনে মার্কেটের জায়গা বরাদ্দের প্রস্তুতি নিতে সম্পত্তি কর্মকর্তাকে নির্দেশ দেন তৎকালীন প্রশাসক খলিলুর রহমান।
২০১২ সালের ১২ এপ্রিল তুলা মার্কেটের ফাঁকা জায়গা, ছাদে দোকান বরাদ্দ দেওয়ার প্রস্তাব করেন সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মুরাদ হোসেন ও সৈয়দ রোমান। এই প্রস্তাবে পর্যায়ক্রমে একমত পোষণ করে বরাদ্দপত্রে স্বাক্ষর করেন সম্পত্তি বিভাগের কানুনগো মোহাম্মদ আলী, সম্পত্তি কর্মকর্তা দিদারুল আলম, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিল্লাল হোসেন ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান উল ইসলাম চৌধুরী। ওই বছরের ১০ মে প্রতি বর্গফুট ১৫ টাকা হারে ১১২টি দোকান ভাড়া এবং দোকানিদের নিজ খরচে পাকা ভবন নির্মাণের শর্তে বরাদ্দ দেন প্রশাসক খলিলুর রহমান। তখন রাজউকের অনুমোদন ছাড়া ছয়তলার ভিত্তির ওপর তিনতলা দুটি ভবন নির্মাণ করে লাবলু অ্যান্ড কোম্পানি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
ডিএসসিসির তদন্ত কমিটি ও দুদকের মামলা: মেয়রের দপ্তর সূত্র জানায়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে প্রশাসক খলিলুর রহমানসহ ওই কর্মকর্তারা বদলি হওয়ার পর ডিএসসিসির সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল-হারুনকে সভাপতি করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷ ৪ এপ্রিল কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে পর্যাক্রমে তুলা মার্কেটের জায়গা বরাদ্দে সুপারিশ করেছিলেন ডিএসসিসির ওই সাত কর্মকর্তা। আর এই সুবিধাভোগী কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করেই বহুতল ভবন নির্মাণ করেছেন এ কে এম সামছুদ্দিন ও সাখাওয়াত হোসেন। ফলে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা করা যায়৷ এ ছাড়া অবৈধ ওই বরাদ্দ বাতিলের সুপারিশ করা হয়৷
ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, ডিএসসিসির এই তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ২০১৪ সালের ২৪ নভেম্বর ওই সাত কর্মকর্তা ও তুলা মার্কেটের দুই নেতার বিরুদ্ধে শাহবাগ থানায় আইনের ওই ধারায় একটি মামলা করে দুদক৷ মামলাটি তদন্ত করেন দুদকের আরেক উপপরিচালক আবদুস সোবহান। পরে গত এপ্রিলে মাত্র তিনজনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
জানতে চাইলে সম্পত্তি বিভাগের সার্ভেয়ার সৈয়দ রোমান ও মুরাদ হোসেন বলেন, ‘বড় কর্মকর্তাদের নির্দেশমতোই আমরা কাজ করেছি৷’
সাবেক প্রধান সম্পত্তি কর্মকর্তা বিল্লাল হোসেন ২৫ অক্টোবর মুঠোফোনে বলেন, ‘তুলা মার্কেটের ওই বরাদ্দে অনিয়মের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দিয়েছে দুদক৷’ বিল্লাল হোসেন কৃষি মন্ত্রণালয়ে কর্মরত রয়েছেন৷
আবার ডিএসসিসির তদন্ত: গত ২ মার্চ তুলা মার্কেটে ওই অনিয়মের ঘটনা তদন্ত করতে বর্তমান প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে ডিএসসিসি। এই কমিটি নিশ্চিত হয়, পুরো বরাদ্দ প্রক্রিয়া ছিল অবৈধ৷ কমিটি সব বরাদ্দ বাতিল করে ভবনটি উচ্ছেদের সুপারিশ করে।
জানতে চাইলে খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, মার্কেটটি ভেঙে ফেলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সেটি ভেঙে ফেলা হবে।