নীলফামারী গাইবান্ধায় দুজন খুন
নীলফামারীতে এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গত রোববার রাতে এক কৃষক খুন হন।
নিহত ব্যক্তিরা হলেন শুকলা রানী সেন (২২) ও আবদুর রহিম (৪৮)।
শুকলা রানী উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মাজেন বিডি লিমিটেড নামের চশমা তৈরির একটি কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার বাকপুর সেনপাড়া গ্রামে। বাবার নাম যোগেশ চন্দ্র সেন।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুকলা জেলা সদরের বড় সংগলশী গ্রামের একটি বাড়িতে প্রায় দুই বছর ধরে ভাড়ায় থাকতেন। ওই বাড়িতে তাঁর ছোট বোন লিপা সেনসহ (১৮) কারখানার ১০-১২ জন শ্রমিক থাকেন। শুকলার সহকর্মী ও প্রতিবেশী হামিমা আক্তার (৩০) বলেন, গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় শুকলার ছুটি হয়। তাঁর ৭টা ৪৫ মিনিটে আর লিপার ৬টা ৪৫ মিনিটে ছুটি হয়। তিনি বাসায় ফিরে দেখেন শুকলা নেই। এরপর তিনি ও লিপা মিলে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল আটটার দিকে ওই বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের মাঠে একজন কৃষিশ্রমিক তাঁর গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
লিপা সেন বলেন, ‘আমার বোনকে কেউ হুমকি-ধমকি দিয়েছে, তা-ও কোনো দিন শুনি নাই।’
নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় যোগেশ চন্দ্র সেন বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
আবদুর রহিম উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুবনি কঞ্চিবাড়ি গ্রামের বাসিন্দা। সুন্দরগঞ্জ থানার পুলিশ ও আবদুর রহিমের পরিবারের সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাঁর সঙ্গে একই গ্রামের জহুরুল ইসলাম ও ছোলেমান মিয়ার বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ছোলেমান মিয়া ঘর তুলে বসবাস শুরু করেন।
গত রোববার সন্ধ্যার দিকে আবদুর রহিম তাঁর লোকজন নিয়ে ছোলেমানের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। একপর্যায়ে জহুরুল ও ছোলেমান এবং তাঁদের লোকজন কুড়াল দিয়ে আবদুর রহিমের মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে আবদুর রহিমের ছেলে গোলাম মোস্তফা বাদী হয়ে গতকাল জহুরুল ইসলাম, ছোলেমানসহ ১৮ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ ছোলেমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে।
সুন্দরগঞ্জ থানার ওসি মো. ইসরাইল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।