নীলফামারী জাপার আহ্বায়ককে অবৈধ দাবি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলীকে (মাহবুব আলী বুলু) অবৈধ দাবি করে তাঁর কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করা হয়েছে।
জলঢাকা উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি এমরুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে ওই মামলা করেন। মামলায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদকে ২ নম্বর ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ৩ নম্বর এবং জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি জয়নাল আবেদীনকে ৪ নম্বর বিবাদী করা হয়েছে।
জ্যেষ্ঠ সহকারী জজ মো. হাবিবুর রহমান কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না—বিবাদীকে তার কারণ দর্শাতে বলেছেন। ওই আদেশে বিবাদীকে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী বাংলাদেশের নাগরিক নন। তিনি আমেরিকার নাগরিক। জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুসারে তিনি দলের সদস্য পদ পেতে পারেন না।
নীলফামারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের (বাজার এলাকা) বাসিন্দা মো. মাহবুব আলী খান। তাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর ৭৩০৪৩০৩২৩৩৮৯। পরিচয়পত্র অনুযায়ী তাঁর পিতা মৃত তৈয়ব আলী খান, জন্মতারিখ ১ মার্চ ১৯৫৫। তিনি বিবাদী মোহাম্মদ আলীর বড় ভাই। মোহাম্মদ আলী বুলু রাজাকার।
এ বিষয়ে মাহবুব আলী বুলু বলেন, ‘আমি মোহাম্মদ আলী বুলু নই, আমি মাহবুব আলী বুলু। এটাই আমার নাম। আমার পাসপোর্টেও ওই নাম আছে।’ তিনি কখনো রাজাকার ছিলেন না দাবি করে বলেন, ‘বাদীর লোকজন অর্থের বিনিময়ে কমিটি পাশের চেষ্টা করে। আমি তাঁদের কথায় রাজি না হওয়ায় ষড়যন্ত্রমূলক এ মামলা করা হয়েছে।’
এমরুল হক বলেন, ‘প্রকৃতপক্ষে তিনি মোহাম্মদ আলী। তিনি তাঁর ভাইয়ের নাম ব্যবহার করছেন। তাই তাঁর প্রকৃত নামেই মামলাটি করা হয়েছে। রাজাকারের তালিকায়ও তাঁর নাম মোহাম্মদ আলী বুলু, পিতা তৈয়ব আলী খান উল্লেখ রয়েছে।’