নীলফামারীতে অপহৃত শিশু, রংপুরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে কাজের মেয়েকে হত্যা করে শিশু জুনায়েতকে অপহরণের ঘটনার দুই দিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে উদ্ধার করেছে। রংপুর নগরের চন্দনপাট ইউনিয়নের মাটিয়াপাড়ার জনৈক নূরুননাহারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার নীলফামারী শহরের থানাপাড়া মহল্লায় কাজের মেয়ে সুমিকে (১৪) হত্যা করে দেড় বছরের শিশু জুনায়েতকে অপহরণ করা হয়। গত বুধবার প্রথম আলোয় ‘নীলফামারীতে কাজের মেয়েকে হত্যা করে শিশু অপহরণ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রংপুর নগরে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামের আনোয়ার হোসেন (৩২), মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের মুকুল বেগ (১৬) ও রাশেদুল ইসলাম (১৮)। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী জলঢাকা উপজেলার পাঠানপাড়া থেকে আল আমিনকে (১৮) পুলিশ গ্রেপ্তার করেছে।
রংপুর জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, রংপুর নগরের চন্দনপাট এলাকা থেকে একটি মুঠোফোনে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অপহরণকারীদের গ্রেপ্তার ও শিশুকে উদ্ধার করা হয়।
বুধবার রাতে নীলফামারী সদর হাসপাতালে সুমির লাশের ময়নাতদন্ত করে দাফন সম্পন্ন করা হয়। ওই রাতে শিশু জুনায়েতের বাবার ছোট ভাই বাদী হয়ে ধর্ষণ, হত্যা ও অপহরণের অভিযোগে নীলফামারী সদর থানায় একটি মামলা করেন।