নীলফামারীতে এবার পোশাকশ্রমিককে অপহরণ
নীলফামারী সদর উপজেলার কিত্তিনিয়াপাড়া গ্রামে প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়ি থেকে এক পোশাকশ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এর আগে একই পরিচয়ে নীলফামারীতে কলেজছাত্র অপহরণের ঘটনা ঘটে।
কিত্তিনিয়াপাড়া থেকে অপহরণের শিকার ব্যক্তির নাম আবদুর রহমান (২৫)। তিনি খোকসাবাড়ি ইউনিয়নের মিনি বটতলা নামক স্থানে একটি সোয়েটার কারখানার শ্রমিক। তাঁর বাবার নাম গোলাম মোস্তফা।
আবদুর রহমানের চাচাতো ভাই মহিদুল ইসলাম (২৫) বলেন, ‘রোববার দিবাগত রাত আড়াই থেকে তিনটার দিকে কয়েকজন লোক এসে আবদুর রহমানকে ডাকেন। ডাকে আমার ঘুম ভাঙে। বের হয়ে দেখি, কয়েকজন লোক আবদুর রহমানকে নিয়ে যাচ্ছে। তারা প্রশাসনের লোক বলে পরিচয় দেয়। আবদুর রহমানকে কোথায় নিয়ে যাচ্ছেন, জানতে চাইলে বলে, কালকে (সোমবার) জানতে পারবেন। আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ শ গজ দূরে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। তারা আবদুর রহমানকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।’
আবদুর রহমানের চাচা হেদায়েতুল্লা বলেন, আবদুর রহমান আগে নীলফামারী শহরে সিরামিক কারখানায় ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার গ্রামে সোয়েটার কারখানায় কাজ করতেন। ছয়-সাত মাস আগে তিনি বাড়ির কাছে সোয়েটার কারখানায় কাজ নিয়েছেন। তাঁর বাবা পঞ্চগড়ের দুয়াই সুয়াই দিঘি এলাকার একটি মসজিদের ইমাম ও ওই মসজিদ-মক্তবের শিক্ষক। তিনি মাঝেমধ্যে বাড়িতে আসেন। ঘটনার রাতে তিনি বাড়ি ছিলেন না।
এর আগে গত ১১ এপ্রিল রাত দেড়টার দিকে নীলফামারী শহরের উকিলের মোড়ের বাড়ি থেকে নীলফামারী সরকারি কলেজের অনার্স রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নুরে আলমকে প্রশাসনের লোক পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় পরদিন নীলফামারী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, অপহরণের ঘটনাটি জেনেছি। লিখিত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে। নুরে আলম অপহরণের তদন্ত চলছে। এখনো তাঁর সন্ধান পাওয়া যায়নি।