নীলফামারীতে কাজের মেয়েকে হত্যা করে শিশু অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের থানাপাড়া মহল্লায় কাজের মেয়েকে খুন করে জুনায়েত নামের এক শিশুকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত কাজের মেয়ে সুমি (১৪) জলঢাকা উপজেলার আরাজী কাঁঠালী গ্রামের আবদুল্লাহর মেয়ে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, থানাপাড়ার তিনতলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের এনজিও কর্মী মির্জা নূর মোহাম্মদ বেগ। তাঁর স্ত্রী শিরিন আক্তার একই উপজেলার ট্যাঙ্গনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
শিরিন আক্তার গতকাল সকালে কাজের মেয়ের কাছে দেড় বছরের শিশুপুত্র জুনায়েতকে রেখে স্কুলে যান। বিকেলে নূর মোহাম্মদ বাড়িতে এসে সুমিকে বাথরুমে মৃত অবস্থায় দেখতে পান। কিন্তু শিশু জুনায়েতকে খুঁজে পাওয়া যায়নি।
নূর মোহাম্মদ বলেন, ‘আমি আমার খালুসহ বিকেলে বাসায় এসে দরজা খোলা অবস্থায় পাই। ভেতরে ছেলেকে দেখতে না পেয়ে কাজের মেয়ে সুমিকে খুঁজতে থাকি। এ সময় আমার স্ত্রীও বাসায় আসে। পরে সুমির ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া দেখতে পাই। তালা ভেঙে ওর ঘরে ঢুকলে ভেতরের বাথরুমে সুমির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই।’
নূর মোহাম্মদের নিজের কোনো সন্তান না থাকায় ছোট ভাই জাকারিয়া বেগের ছেলে জুনায়েতকে পালিত পুত্র হিসেবে নিয়েছিলেন। ঘটনার আগের রাতে ভাঙা হাতের চিকিৎসার জন্য তিনি বাসায় ছিলেন না বলেও জানান।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বলেন, ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে অপহরণের সময় সুমি অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হতে পারে। সুমিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।