নীলফামারীতে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সদর উপজেলায় এক কিশোরী গত শুক্রবার ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলো সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাদিখোল গ্রামের আবু তাহের (৫০) ও মশিউর (২২)। এ ঘটনায় ওই কিশোরীর দাদা বাদী হয়ে গতকাল শনিবার সকালে নীলফামারী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ধর্ষণের শিকার হওয়া কিশোরী ভাওয়াইয়া শিল্পী। শুক্রবার সকালে সে রংপুরের তারাগঞ্জে নানার বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় সেখান থেকে মশিউর ও সাদ্দাম নামের দুই তরুণ সৈয়দপুরের ঢেলাপীর আবাসনে তার ওস্তাদের মেয়ের বিয়ে অনুষ্ঠানের কথা বলে তাকে মোটরসাইকেলে সেখানে নিয়ে যায়। রাতে সেখান থেকে তাকে আবু তাহেরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আবু তাহের ওই কিশোরীকে একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে। পরে আরও এক যুবক তাকে ধর্ষণ করে। রাতেই তাকে আবার ঢেলাপীর আবাসনে নিয়ে এলে সে তার ওস্তাদের মেয়েকে বিষয়টি জানায়। এ অবস্থায় এলাকাবাসী মশিউরকে আটক করে সৈয়দপুর থানায় সোপর্দ করেন। সৈয়দপুর থানার পুলিশ নীলফামারী সদর থানার পুলিশকে বিষয়টি জানালে তারা রাতেই আবু তাহেরকে গ্রেপ্তার করে।
নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বলেন, গতকাল ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া আবু তাহের ও মশিউরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাদের আদালতে পাঠানো হবে।