নীলফামারীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। গত বুধবার বিকেলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার এক নারী স্থানীয় সাংবাদিকদের জানান, বুধবার বিকেলে তিনি একটি ফাঁকা স্থানে শরীরে কাদামাটি মাখা ও রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখেন। তার সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, সে ধর্ষণের শিকার হয়েছে। এ অবস্থায় এলাকার মানুষের সহযোগিতায় তিনি তাকে হাসপাতালে নিয়ে যান এবং পরিবারের লোকজনকে খবর দেন।
হাসপাতালে মেয়ের সঙ্গে কথা বলার পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়েটির বাবা। তিনি বলেন, যাতায়াতের সুবিধার কারণে তাঁর মেয়ে নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করে। বুধবার দুপুরে মাদ্রাসা ছুটির পর সে একা হেঁটে নানার বাড়ি ফিরছিল। এ সময় তার সঙ্গে পূর্বপরিচিত এক পিকআপভ্যান চালকের দেখা হয়। ওই চালক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় তার সঙ্গে দুজন সহযোগী ছিল।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, ঘটনা জানার পর তিনি রাতে হাসপাতালে গিয়ে ওই ছাত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় দেখতে পান। এরপর গতকাল বৃহস্পতিবার সকালে গিয়ে তার জবানবন্দি রেকর্ড করেন। মেয়েটির অভিযোগ অনুযায়ী আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।