নীলফামারীতে জমি নিয়ে সংঘর্ষে দুই ভাই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ চিকনমাটি কামাতপাড়া গ্রামে আজ সোমবার সকালে জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

নিহত দুভাই হলেন জাহেদুল ইসলাম (৫৫) ও জাহাঙ্গীর ইসলাম (৩৫)। তাঁরা কামাতপাড়া গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল ১০ টার দিকে জাহাঙ্গীর একটি জমিতে বোরো ধানের চারা রোপণ করতে যান। এ জমি নিয়ে তাঁর সৎভাই আনোয়ারুল ইসলামের সঙ্গে বিরোধ চলছিল। এর জের ধরে আনোয়ারুল ইসলাম ও তাঁর লোকজন তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় এক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষে জাহেদুল ও জাহাঙ্গীর নিহত হন। আহত হন উভয় পক্ষের ১০ জন। আহত লোকজনকে বোড়াগাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বোড়াগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসিনুর রহমান বলেন, ওই ঘটনায় আহত দুজন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। একজনের মাথায় গুরুতর জখম আছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রশিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।