নীলফামারীতে দুই জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী কাউন্টার টেররিজম ইউনিট। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁরা জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার হওয়া জেএমবির সদস্যরা হলেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ধানমারা গ্রামের মৃত কোরবান আলী খন্দকারের ছেলে আয়নাল হক (২৬) এবং নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ গ্রামের ইউনুস আলী মিয়ার ছেলে আনিসুর রহমান (৪০)।

পুলিশ জানায়, সৈয়দপুর উপজেলা শহরের কলিমের মোড় এলাকা থেকে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে আয়নাল ও আনিসুরকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সৈয়দপুর থানায় মামলা করা হয়। নীলফামারী ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুস সোবহান বাদী হয়ে মামলাটি করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, গত রোববার রাতে গ্রেপ্তারের পর গ্রেপ্তারকৃতদের নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ওসি আরও বলেন, আয়নাল হকের এক ভাতিজা জেএমবির সদস্য তানজিরুলও কারাগারে। পঞ্চগড়ের একটি আদালতে তাঁর ৮২ বছর জেল হয়েছে।

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর আগে গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম আতিকুর রহমান নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য আয়নাল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তিনি জেএমবির সাংগঠনিক কাজে ২০০৮ সালে পঞ্চগড় থেকে নাটোরে যান। সেখানে তিন বছর সদস্যদের কাছ থেকে চাঁদা সংগ্রহের দায়িত্ব পালন করেন। সেখানে তিনি আনিসুর রহমানের আশ্রয়ে ছিলেন। তারপর তাঁরা এ অঞ্চলে এসে চাঁদা সংগ্রহ ও সাংগঠনিক তৎপরতা শুরু করেন। গত রোববার তাঁরা সৈয়দপুরে এক বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আলতাফ হোসেন ও সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমান।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ওই দুই জেএমবি সদস্য জ্যেষ্ঠ বিচারিক হাকিম আকরাম হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।