নীলফামারীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯
নীলফামারী সদর উপজেলায় গত বৃহস্পতিবার জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। এ ছাড়া একটি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া (জেলেপাড়া) গ্রামের বাসিন্দা ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লাল বাবুর সঙ্গে তাঁর ছোট ভাই ভাদু দাসের দীর্ঘ দিন ধরে ২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে গত বৃহস্পতিবার কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছয়জন আহত হন। একপর্যায়ে লাল বাবুর একটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
গতকাল শুক্রবার সকালে লাল বাবুর বাড়িতে গিয়ে শুধু পাওয়া যায় তাঁর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী ববিতা রানী দাসকে। এ সময় ববিতা বলে, ‘বৃহস্পতিবার চাচার লোকজন বাড়িতে ঢুকে আমাদের মারধর করে। এতে আমাদের চারজন আহত হয়েছে। পরে চাচার লোকজন ঘরে আগুন দেয়। ওই ঘরে পাটখড়ি ও খড়ি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।’ পরে ভাদু দাসের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর মেয়ে কলেজছাত্রী সাধনা রানী দাসের সঙ্গে। তিনি বলেন, ‘আমার কাকা ও তাঁর লোকজন বৃহস্পতিবার বিকেলে হামলা চালিয়ে আমাদের মারধর করেছেন। একপর্যায়ে কাকা নিজে নিজের রান্নাঘরে আগুন দেন। তাঁদের হামলায় আমিসহ আমার পরিবারের পাঁচজন আহত হই। আমার মাসহ তিনজন হাসপাতালে ভর্তি আছেন।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।