নীলফামারীতে দুই পক্ষের সংঘর্ষে ২৮ জন আহত
নীলফামারীর বুড়িখোড়া নদীতে মাছ ধরার জন্য ঘের দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন। সদর উপজেলার সবুজপাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ১১ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন ও ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে বুড়িখোড়া নদী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সদর উপজেলার সবুজপাড়া গ্রামের একটি মৎস্য চাষি সমিতির সভাপতি নূরন্নবী ইসলামের (৬০) নেতৃত্বে সমিতির সদস্যরা নদীতে মাছ ধরার জন্য ঘের দিতে যান। বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী ডোমার উপজেলার শেওটগাড়ি গ্রামের আব্দুল ওয়াদুদের (৫০) নেতৃত্বে লোকজন এসে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ২৮ জন আহত হয়। খবর পেয়ে সদর থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নূরন্নবী ইসলাম অভিযোগ করেন, এর আগে বিভিন্ন সময়ে ওয়াদুদ মাস্টারের নেতৃত্বে ওই স্থান থেকে মাছ ধরে নিয়ে গেছে শেওটগাড়ি গ্রামের লোকজন। বাধা দিতে গেলে গত ১৪ আগস্ট সমিতির কার্যালয় ভাঙচুর করে তারা। ওই ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল।
আব্দুল ওয়াদুদ বলেন, ‘নদী সবার জন্য উন্মুক্ত। মাছ ধরার অধিকার এলাকার লোকজনের রয়েছে। সেখানে অবৈধভাবে পার্শ্ববর্তী সবুজপাড়া গ্রামের লোকজন নদী দখল করে ঘের দিচ্ছিল। এ কারণে এলাকার লোকজন বাধা দিয়েছে। তখন সবুজপাড়া গ্রামের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে শেওটগাড়ি গ্রামের ১৫ জন আহত হয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।’
নীলফামারী সদর থানার পরিদর্শক (অপারেশন) এরশাদুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।