নীলফামারীতে দুই যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুই যুবক খুন হয়েছেন। কিশোরগঞ্জ থানার পুলিশ গতকাল রোববার সকালে তিস্তা সেচ প্রকল্পের শাখা খাল থেকে লাশ দুটি উদ্ধার করে।
নিহত যুবকেরা হলেন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী খায়রুল ইসলাম (৩২) ও বৈষ্যপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মৃণাল বৈষ্য (৩৫)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘গত শনিবার রাত ১২টার দিকে মুঠোফোনে এলাকার কয়েকজন জানান, বড়ভিটা ইউনিয়নের টটুয়ার বাজার এলাকায় খায়রুল ইসলামের ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু খায়রুলকে পাওয়া যাচ্ছে না। আমরা রাতেই তাঁকে উদ্ধারে তৎপরতা শুরু করি। সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা গ্রামের তিস্তা সেচ প্রকল্পের শাখা খাল থেকে মৃণাল বৈষ্যের লাশ উদ্ধার করি। পরে জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের বিন্যাকুড়ি গ্রামের একই শাখা খাল থেকে খায়রুল ইসলামের লাশ উদ্ধার করি। দুজনকেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।’
ওসি বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।