নীলফামারীতে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চারালকাটা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর গতকাল বুধবার দুপুরে স্কুলছাত্র আশরাফুল ইসলামের (১৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার দুপুরে গোসল করতে নেমে ওই নদীতে নিখোঁজ হয় আশরাফুল ইসলাম।
এলাকার কয়েকজন বলেন, মঙ্গলবার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী সাইফুন নামক স্থানে চারালকাটা নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে নামে। এ সময় নিখোঁজ হয় আশরাফুল ইসলাম। গতকাল দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনুসন্ধান চালিয়ে ওই নদী থেকে তার লাশ উদ্ধার করে।
আশরাফুল জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের নাটুয়াপাড়া গ্রামের আবু তালেবের ছেলে এবং একই এলাকার খালিসা বেলপুকুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
নিতাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক-উজ-জামান বলেন, ঘটনার পর থেকে এলাকাবাসী স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে দুপুরে নদীর ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রেদওয়ানুজ্জামান বলেন, রংপুর থেকে ডুবুরি দল এসে ওই ছাত্রের লাশ উদ্ধার করে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।