নীলফামারীতে নিখোঁজ শিশুর ও ঠাকুরগাঁওয়ে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতরা নদীতে পড়ে নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল শনিবার শিশু রিফাতের (৩) লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে গতকাল হাত-পা বাঁধা অবস্থায় ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রিফাত ডিমলার নাউতরা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। ফারুক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকার কচুবাড়ী ভাটাপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
কয়েকজন স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে রিফাত খেলতে গিয়ে বাড়িসংলগ্ন নাউতরা নদীতে ডুবে যায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। অবশেষে ঘটনার দুদিন পর গতকাল দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শিশুটির লাশ নাউতরা নদীর ধারে একটি বাঁশে আটকে থাকতে দেখেন স্থানীয় লোকজন।
নাউতারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিফাতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে গতকাল সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামের কৃষক দুন্দিয়া বর্মণ জমিতে আমান ধান লাগাতে যান। এ সময় তিনি ধানখেতে হাত-পা বাঁধা অবস্থায় ফারুকের লাশটি পড়ে থাকতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে তাঁরা রুহিয়া থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে।
রাজাগাঁওয়ের ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার বলেন, ঘটনাস্থলের পাশে একটি ধারালো ছোরা, দড়ি ও স্যান্ডেল ছড়িয়ে ছিটিয়ে ছিল। দড়ি দিয়ে যুবকের হাত-পা বাঁধা ও একটি গামছা দিয়ে গলা প্যাঁচানো ছিল।
ফারুকের বাবা খোরশেদ আলম বলেন, শুক্রবার বিকেল পাঁচটার দিকে ফারুক বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। কিছুদিন থেকে ফারুকের সঙ্গে তাঁর শ্বশুরের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় তাঁরা জড়িত থাকতে পারেন বলে তাঁর সন্দেহ হচ্ছে।
রুহিয়া থানার ওসি খান মো. শাহারিয়ার বলেন, হাত-পা বেঁধে শ্বাসরোধে ফারুককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।