নীলফামারীতে প্রতিপক্ষের হামলায় তরুণের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে প্রতিপক্ষের হামলায় আহত লিটন চন্দ্র রায়ের (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। লিটন সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুড়ি গ্রামের শশধর রায়ের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, লিটনের বড় ভাই জিতেন্দ্র নাথ রায়ের (৩০) সঙ্গে একই গ্রামের খগেন্দ্র নাথ রায়ের মেয়ে রাধিকা রানীর প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ সেপ্টেম্বর তাঁরা পালিয়ে বিয়ে করেন।

বিষয়টি জানাজানি হলে গত শুক্রবার সকালে মেয়ের পরিবারের সদস্যরা জিতেন্দ্র নাথের ওপর হামলা চালান। এ সময় লিটন এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। পরে তাঁদের দুই ভাইকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকের পরামর্শে ওই দিনই লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল সকালে লিটনের মৃত্যু হয়।

জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘সেদিনের হামলায় আহত হয়ে আমি নীলফামারী সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নিই। ছোট ভাই লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল সকালে সেখানে লিটনের মৃত্যু হয়।’

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ময়নাতদন্ত শেষে লিটনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিতেন্দ্র বাদী হয়ে মেয়ের বাবা ও দুই ভাইসহ নয়জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলছে। সেই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।