নীলফামারীতে মা ও মেয়ে নিখোঁজ আট দিন ধরে
নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়াপাড়া গ্রামের গৃহবধূ মোসাম্মৎ নাসরিন আক্তার ও তাঁর মেয়ে তিথি জামান ফারহানা এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে মেয়ে তিথি জামান ফারহানাকে (৮) নিয়ে বের হন নাসরিন (৩০)। এরপর আর ফিরে আসেননি। এ ঘটনায় গত ২ অক্টোবর ডোমার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নাসরিনের ছেলে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হাবিবুজ্জামান প্রথম আলোকে বলে, ‘আমার বোন তিথি স্থানীয় প্রতিভা কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী। বোনকে সঙ্গে নিয়ে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে আমার মা বাড়ি থেকে বের হন। এ সময় বোনের কাঁধে স্কুলব্যাগ ছিল। আমি ধরে নিয়েছিলাম বোনকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন মা। কিন্তু এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মায়ের মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। প্রায় সব আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিন্তু কেউই আমার মা ও বোনের সন্ধান জানেন না।’
জিডির সত্যতা নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন গতকাল বুধবার বলেন, বিধবা গৃহবধূ নাসরিনের মুঠোফোনের সূত্র ধরে খোঁজ করা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত মা-মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।