নীলফামারীতে রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমানের বিরুদ্ধে বন বিভাগের একটি গাছ জমা না দিয়ে অনিয়ম করে সোফা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে একটি আসবাব তৈরির দোকান থেকে ওই কাঠ উদ্ধার করে পুলিশ।
ডোমার রেঞ্জের বিট কর্মকর্তা কামাল পাশা বলেন, ‘উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের মুক্তিহাট সামাজিক বনায়নের একটি শিশুগাছ গত ৭ মে ঝড়ে ভেঙে পড়ে। সেখানকার উপকারভোগী সমিতির সদস্য মোনাব রেঞ্জ কর্মকর্তা সহিদুর রহমানকে বিষয়টি জানান। এরপর বন বিভাগের লোকজন গিয়ে ওই গাছ নিয়ে আসেন। নিয়ম না মেনে রেঞ্জ কর্মকর্তা সহিদুর লোক দিয়ে গাছটি এনে ডোমারের একটি করাতকলে দেন। সেখানে গাছটি চেরাই করে সহিদুর উপজেলা মোড়ের নিতাই চন্দ্র রায়ের আসবাবের দোকানে সোফা তৈরির জন্য দেন। বন বিভাগের ওই কাঠ উদ্ধারে আমি পুলিশকে জানালে গত বৃহস্পতিবার রাত আটটার দিকে নিতাইয়ের দোকান থেকে কাঠ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। কাঠ উদ্ধারের পর আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু মামলা নথিভুক্ত হয়নি। ওই অভিযোগটি মিথ্যা প্রমাণের জন্য সহিদুর বিভিন্ন কৌশল অবলম্বন করছেন।’
রেঞ্জ কর্মকর্তা সহিদুর বলেন, ‘পুলিশের উদ্ধার করা কাঠ আমার শ্যালক আবদুল আজিজ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার বন্ধু ফার্নিচার মার্ট থেকে কিনেছেন। সেই কাঠ সোফা তৈরির জন্য আমাকে দিয়েছেন। ঝড়ে ভেঙে পড়া গাছটি বন বিভাগের গোসাইগঞ্জ বিটে জমা আছে। বিট কর্মকর্তা কামাল পাশার অভিযোগ ভিত্তিহীন।’ তবে ওই কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় তিনি ১ জুন কাঠ কেনা ও সেটি পরিবহনে বন বিভাগের অনুমতির (ট্রানজিট পাস) একটি কাগজ এই প্রতিবেদকের হাতে দেন।
এদিকে ওই কাঠ উদ্ধার অভিযানের ছবি তোলায় পুলিশের হাতে ডোমার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ডোমার বাজার দোকান শ্রমিক-কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলামের অপসারণের দাবি করে আন্দোলনে নেমেছে দোকান শ্রমিক-কর্মচারী ইউনিয়ন। তারা গত সোমবার বেলা ১১টার দিকে ডোমার রেলঘুণ্টি মোড়ে মানববন্ধন ও সমাবেশের পর সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে। তবে এসআই আশরাফুল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
বন বিভাগের রংপুর অঞ্চলের সহকারী বন কর্মকর্তা প্রাণতোষ চন্দ্র রায় বলেন, ‘অভিযোগ পেয়ে গত রোববার আমি এলাকা পরিদর্শন করেছি। ওই গাছ ভেঙে পড়া ও সেখান থেকে ডোমার নিয়ে আসার প্রমাণ পাওয়া গেছে। পুলিশ কাঠ উদ্ধার করেছে, সেটিও ঠিক আছে। কিন্তু সহিদুর ওই কাঠ কিনেছেন বলে দাবি করছেন। বিষয়টি এখনো তদন্তাধীন। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিধি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’