নীলফামারীতে লটারির নামে প্রতারণার অভিযোগ, ভাঙচুর
নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে গত সোমবার রাতে লটারির ড্রকে কেন্দ্র করে হাট ইজারাদারের কার্যালয় ও ড্র অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাত ১১টার দিকে উত্তেজিত লোকজন ওই ভাঙচুরের ঘটনা ঘটায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়ে প্রায় ২০ দিন ধরে রামগঞ্জ হাটের ইজারাদার জহুরুল ইসলাম লটারির কুপন বিক্রি করে আসছেন। ২০ টাকা মূল্যের ওই কুপনে টিভি, বাইসাইকেল, থ্রিজি মুঠোফোন সেটসহ ৫১টি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ৮ মে রামগঞ্জ হাট চত্বরে সন্ধ্যা ৭টায় ওই লটারির ড্র হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর ঘোষণা আসে রাত ১০টা ১ মিনিটে ড্র হবে। কিন্তু রাত ১১টাতেও ড্র না হওয়ায় উত্তেজিত লোকজন ড্র অনুষ্ঠানের জন্য সাজানো মঞ্চ ও হাট ইজারাদারের কার্যালয় ভাঙচুর করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুলশিক্ষক বলেন, প্রকাশ্যে মাইকিং করে ২০ দিন ধরে অবৈধ ওই লটারির টিকিট বিক্রি হয়। এরপর লটারির ড্র না করে আরেকবার প্রতারণা করে লটারি-সংশ্লিষ্টরা।
ইউনিয়নের দোগাছী গ্রামের সাদ্দাম হোসেন (৩০) বলেন, ‘আমি ওই হাট থেকে একটি গরু কিনেছিলাম। গরুর চালানের সঙ্গে আমাকে লটারির একটা কুপন দিয়ে অতিরিক্ত আরও ২০ টাকা আদায় করে। আমার ধারণা, গত ২০ দিনে এলাকায় প্রায় ২০ হাজারের বেশি কুপন বিক্রি হয়েছে।’
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. সামসুদোহা বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই অবৈধ ওই লটারির ব্যবসা খুলে বসেছেন হাটের ইজারাদার জহুরুল ইসলাম। এরপর সেই লটারির ড্র না করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন।
ইউপি চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির বলেন, ‘তারা মাইকিং করে এলাকায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করছিল। এক সপ্তাহ আগে বিষয়টি আমার নজরে পড়লে দু শ টিকিট জব্দ করে নিয়ে প্রচারণা বন্ধ করেছিলাম। এরপরও তারা গায়ের জোরে প্রচারণা চালিয়ে টিকিট বিক্রি করেছে।’
হাট ইজারাদার জহুরুল ইসলাম বলেন, ‘আমি এ বছর জেলা সদরের রামগঞ্জ, রামনগর এবং পলাশবাড়ী হাট ইজারা নিয়েছি। ক্রয়-বিক্রয়ের নির্ধারিত মাশুলের মধ্যে ওই তিন হাটের গরু-ছাগল ক্রেতা, বিক্রেতাদের উৎসাহিত করতে র্যাফল ড্রর আয়োজন করেছি। এর বাইরে কোনো কুপন বিক্রি করিনি।’ তিনি আরও বলেন, ‘গত সোমবার নির্ধারিত সময়ে আমি ড্র অনুষ্ঠানের জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু রাতে ড্র অনুষ্ঠানে থানা-পুলিশের আপত্তি থাকায় তা স্থগিত করতে হয়েছে। আমার সুনাম ক্ষুণ্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমি আমার সুনাম ক্ষুণ্ন করতে চাই না। শিগগিরই দিনের বেলায় ওই ড্রর আয়োজন করা হবে।’
নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা আমার জানা নেই। তবে অবৈধ লটারি অনুষ্ঠানের খবরে পুলিশ গিয়ে সেটি বন্ধ করে দেয়।’