নীলফামারীতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের অধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) প্রকল্পের আওতায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ ও মানববন্ধন করেছে আওয়ামী ওলামা লীগ।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার সেখানে মানববন্ধন ও সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সহসভাপতি হাফেজ কবিরুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন কমিটির সভাপতি মাওলানা লোকমান হোসেন প্রমুখ।
উপজেলা ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসেন অভিযোগ করেন, ‘ইসলামী ফাউন্ডেশনের আওতায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে জলঢাকা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২০ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওই শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোট ৭৫০ জন আবেদন করেন। গত ২৮ ডিসেম্বর শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন রাত তিনটা পর্যন্ত নিয়োগ বোর্ডের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থের বিনিময়ে জামায়াত-শিবিরের লোকজনকে নিয়োগ দিয়েছেন। অনিয়ম ও দুর্নীতির কারণে অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান হাবিবের অপসারণসহ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছি।’
জলঢাকার ইউএনও হাসান হাবিব তাঁর বিরুদ্ধে আনা শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘উপজেলা প্রশাসন শিক্ষক নিয়োগ দিতে পারে না। আমরা শুধু পরীক্ষা নিয়েছি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ২৪০ জন শিক্ষককে বাছাই করা হয়েছে। তাঁদের তালিকা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। তাঁরাই শিক্ষক নিয়োগ দেবেন।’
নীলফামারী পৌরসভার সবুজপাড়া মহল্লার মঞ্জুয়ারা বানু ও শাপলা বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা মসজিদভিত্তিক শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রার্থী হিসেবে আবেদন করেছি। কিন্তু আমরা কোনো ইন্টারভিউ কার্ড কিংবা মোবাইল মেসেজ পাইনি। ৩০ ডিসেম্বর জানতে পারলাম ফলাফল ঘোষণা হয়েছে।’
ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুর রহমান দাবি করেন, এসব শিক্ষক নিয়োগের যাবতীয় দায়িত্ব পালন করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এর বাইরে ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজাররা কাজ করেছেন। তবে তাঁর এ দাবি নাকচ করে দিয়ে সদরের ইউএনও সাবেত আলী বলেন, ‘তাঁরা (ইসলামিক ফাউন্ডেশন) সবকিছু চূড়ান্ত করে দিয়েছে। আমরা শুধু পরীক্ষা নিয়েছি। নিয়োগ দেওয়ার ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই।’
প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার কারণ জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী কার্যালয়ের উপপরিচালক বলেন, ‘আমরা তিনটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছি এবং মোবাইল ফোনে খবর দিয়েছি। কারও মোবাইল ফোন বন্ধ থাকলে তাকে খবর দেওয়া সম্ভব হয়নি।’