নীলফামারীতে হাসপাতাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার
নীলফামারী সদর আধুনিক হাসপাতাল থেকে মহসেনা বেগম (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা দুইটার দিকে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
গৃহবধূ মহসেনা জেলা সদরের সোনারায় ইনিয়নের উত্তর চকদুবুলিয়া গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী এবং দিনাজপুরের খানসামা উপজেলার ছাইতান গ্রামের আবদুল মজিদের মেয়ে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাচিনুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ছয়টার দিকে গৃহবধূ মহসেনা বেগমকে হাসপাতালে ভর্তি করে তাঁর স্বামীর পরিবারের লোকজন। এরপর চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় পুলিশে খবর দেওয়া হয়।’
নীলফামারী সদর থানার উপপরিদর্শক এইচ এম নাজমুল হুদা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের সুরতহাল প্রতিবেদনে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। হাসপাতালের খাতায় ওই গৃহবধূর স্বামী ও বাবার বাড়ির ঠিকানা পাওয়া গেলেও লাশ উদ্ধারের সময় ওই দুই পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। গৃহবধূর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।