নীলফামারীতে 'জেএমবি'র আরও ১ সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে দেলওয়ার হোসেন ওরফে দুলাল (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, এই ব্যক্তি নিষিদ্ধঘোষিত জেএমবির সদস্য।
গতকাল মঙ্গলবার রাতে জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ইউনিয়নের পশ্চিম গোলমুণ্ডা ঘাটেরপাড় গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আকরাম হোসেনের আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি বাবুল আকতার আরও বলেন, গত এক মাসে এ নিয়ে জেএমবির ১১ সদস্যকে আটক করা হয়।