নীলাদ্রির হত্যাকাণ্ডে জার্মান রাষ্ট্রদূতের তীব্র নিন্দা
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত ফার্ডিনান্দ ফন ওয়াইহে। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে সাক্ষাৎ করে এ নিন্দা জ্ঞাপন করেন তিনি। গতকাল সোমবার ঢাকায় জার্মান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
বাংলাদেশে উদারমনা ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়ে জার্মানির রাষ্ট্রদূত বলেন, ‘ব্লগার নীলাদ্রির হত্যার তীব্র নিন্দা জানায় জার্মান সরকার। মুক্তমনের মানুষদের লেখালেখি উগ্রপন্থীরা নিয়ন্ত্রণ করবে তা মেনে নেওয়া যায় না।’
ফার্ডিনান্দ বলেন, উগ্রপন্থীদের হাতে উদারপন্থী ব্লগার নীলাদ্রির নির্মম মৃত্যু বাংলাদেশে বাকস্বাধীনতার ওপর হামলার সবশেষ নজির। যদিও ছয় মাসের মধ্যে এটি মুক্তমনা ব্লগারের চতুর্থ মৃত্যুর ঘটনা। এ হত্যাকাণ্ডের ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান জার্মান রাষ্ট্রদূত।