নুর মোহাম্মদের রিমান্ড বাতিলের আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে তেলের চালানে কোকেন আনার মামলায় এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদের রিমান্ড আদেশ বাতিলের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর শুনানি শেষে এ আদেশ দেন। 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ রহমত আলী ওই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ আদেশের বিরুদ্ধে পরদিন আসামির আইনজীবী চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রিমান্ড বাতিলের আবেদন করেন। আদালত বুধবার পর্যন্ত আদেশটি স্থগিত রেখে শুনানির দিন ধার্য করেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামি নুর মোহাম্মদের পক্ষে তাঁর আইনজীবীর রিমান্ড বাতিলের আবেদন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেছেন। ফলে তাঁকে রিমান্ডে নিতে আর কোনো বাধা নেই। শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে আদালতকে জানানো হয়েছে, আলোচিত এ মামলার তদন্তের স্বার্থে এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদের রিমান্ড মঞ্জুর করেছিলেন মহানগর হাকিম আদালত। তদন্তের স্বার্থে আদেশটি বহাল রাখা যেতে পারে।
আসামির আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী শুনানিতে আদালতকে জানান, আসামি নুর মোহাম্মদ বয়স্ক ব্যক্তি। তিনি শারীরিকভাবেও অসুস্থ। তাঁর প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের নামে সূর্যমুখী তেল আমদানির এলসি (ঋণপত্র) খোলা হয়নি। এই মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ (ডিবি) নুর মোহাম্মদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাঁকে মামলাটি থেকে অব্যাহতি দেন।
র‍্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ জানান, আসামি নুর মোহাম্মদকে জিজ্ঞাসাবাদের জন্য কাল বৃহস্পতিবার আনা হতে পারে।
গত বছরের ৬ জুন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোকেন সন্দেহে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালান জব্দ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের এই চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয় গত ১২ মে। চট্টগ্রামের খাতুনগঞ্জের খান জাহান আলী লিমিটেডের নামে চালানটি আনা হয়। চালানটি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুর মোহাম্মদ দাবি করেন, কেউ তাঁর প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেছে। এই পণ্য আমদানির সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা নেই।
আমদানি করা তেলের চালানের ১০৭টি ড্রামের মধ্যে গত বছরের ২৭ জুন একটি ড্রামের নমুনায় কোকেন শনাক্ত করা হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে তেলের চালানের দুটি ড্রামের (৯৬ ও ৫৯ নম্বর) নমুনায় কোকেন শনাক্ত করে।
কোকেন জব্দের ঘটনায় চট্টগ্রামের বন্দর থানায় ২৭ জুন নুর মোহাম্মদসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। তদন্ত শেষে ১৯ নভেম্বর গোয়েন্দা পুলিশ এজাহারভুক্ত আসামি নুর মোহাম্মদকে বাদ দিয়ে লন্ডনপ্রবাসী দুই বাংলাদেশিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ৭ ডিসেম্বর আদালত অভিযোগপত্রটি গ্রহণ না করে র‍্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।