নুরুল খুনে নাগরী ও নুরানী জড়িত সন্দেহ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহাবুদ্দিন নাগরী
শাহাবুদ্দিন নাগরী

এলিফ্যান্ট রোডের বাসায় যেদিন নুরুল ইসলাম নিহত হন, সেদিনও ওই বাসায় কবি ও সাবেক কাস্টমস কর্মকর্তা শাহাবুদ্দিন নাগরী গিয়েছিলেন। পুলিশ বলছে, এখন পর্যন্ত নুরুল ইসলাম খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজন নিহতের স্ত্রী নুরানী আক্তার ও শাহাবুদ্দিন নাগরী। দিন দুয়েকের মধ্যে হত্যারহস্যের কূলকিনারা হবে বলে আশা করছে নিউমার্কেট থানা-পুলিশ।

১৩ এপ্রিল রাতে নুরুল ইসলামের মৃতদেহ এলিফ্যান্ট রোডে তাঁর বাসার শোবার ঘর থেকে উদ্ধার করা হয়। মৃতদেহের দুই-তৃতীয়াংশ খাটের নিচে এবং বাকিটা বাইরের দিকে ছিল। তাঁর মুখে রক্ত জমাট বাঁধা ছিল। মৃতদেহের কিছুটা দূরেও রক্ত দেখা গেছে। নিহতের গায়ের চামড়াও ছিল বিবর্ণ।

ওই ভবনের ব্যবস্থাপক বাবু কুমার স্বর্ণকার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, বছরখানেক আগে ব্যবসায়ী পরিচয়ে চারতলার একটি ফ্ল্যাট ভাড়া নেন নুরুল ইসলাম। ওই ফ্ল্যাটে ওঠার পরদিনই শাহাবুদ্দিন নাগরী সেখানে এসেছিলেন। ভবনের নিয়ম অনুযায়ী তাঁকে সেদিন খাতায় নাম লিখে উঠতে হয়। পরে নুরুল ইসলাম তাঁকে বলেন, শাহাবুদ্দিন নাগরী তাঁর অভিভাবক। আর কখনো যেন তাঁর নাম লেখা না হয়। ফ্ল্যাটে ওঠার পর থেকে প্রায় প্রতিদিনই শাহাবুদ্দিন নাগরী সেখানে আসতেন। যেদিন নুরুল ইসলাম মারা যান, সেদিনও বেলা ৩টা ১৩ মিনিটে শাহাবুদ্দিন নাগরী আসেন এবং সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে বেরিয়ে যান। ভিডিও ফুটেজেও তা দেখা গেছে। ওই ফুটেজ এখন পুলিশের কাছে।

এদিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ওই বাসায় যাই ১৩ এপ্রিল দিবাগত রাত একটার দিকে। তবে মৃতদেহ দেখে মনে হয়েছে, নুরুল ইসলাম আগেই মারা গেছেন।’

তবে নুরুল ইসলামের বোন শাহানা রহমান (কাজল) এজাহারে উল্লেখ করেছেন, তাঁর ভাই ১২ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল সন্ধ্যা ছয়টার মধ্যে যেকোনো সময় খুন হয়েছেন।

খুনের কারণ কী, সে সম্পর্কে পুলিশ, নুরুল ইসলামের স্বজন বা ওই অ্যাপার্টমেন্টের লোকজন পরিষ্কারভাবে কিছু বলতে পারেনি। নুরুল ইসলামের বোন হাসনা আক্তার (কুমকুম) প্রথম আলোকে বলেন, বছর পাঁচেক আগে তাঁর ভাই নিজের পছন্দে নুরানী আক্তারকে বিয়ে করেন। বিয়ের পর বাড়ির সঙ্গে তাঁর যোগাযোগ একরকম ছিল না। পুলিশের কাছে নুরুল ইসলামের স্ত্রী নুরানী জানিয়েছেন, তাঁর স্বামী গার্মেন্টস সামগ্রী সরবরাহের ব্যবসা করতেন।

জানা গেছে, ওই ফ্ল্যাটের ৩৫ হাজার টাকা ভাড়া নিয়মিতই পরিশোধ করে আসছিলেন শাহাবুদ্দিন নাগরী। সম্প্রতি তিনি নুরানীকে ১৪ লাখ টাকা দিয়ে একটি গাড়িও কিনে দেন। নুরানীর সঙ্গে শাহাবুদ্দিন নাগরীর বন্ধুত্ব নিয়ে নুরানী ও নুরুল ইসলামের মধ্যে বড় ধরনের কোনো ঝগড়া-বিবাদও হয়নি বলে জানান ওই বাড়ির ঠিকে ঝি রওশন আরা। তারপরও কেন তাঁকে মরতে হলো, সে প্রশ্নের জবাব মিলছে না।