বরিশালের বানারীপাড়ায় কান্নায় বিরক্ত হয়ে তিন বছরের শিশু হাফিজুল শেখকে আছড়ে মারার ঘটনায় আসামি নূপুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, নূপুর বেগমের স্বামী বাবলা মৃধা ঢাকার স্কয়ার হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী। হাফিজুল মারা যাওয়ার পরই নূপুর ঢাকায় স্বামীর কাছে পালিয়ে যান। প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায় স্বামীর বাসা থেকে নূপুরকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, ময়নাতদন্তের পর তাঁরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন শিশু হাফিজুলের ঘাড় এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। আছড়ে ফেলার কারণেই সে মারা গেছে।
এদিকে গতকাল দুপুরে স্থানীয় সাংসদ তালুকদার মো. ইউনুস নিহত শিশু হাফিজুলের বাসায় যান। তিনি শিশু হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।