নূর হোসেন কোনো না কোনোভাবে জড়িত: শামীম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র‌্যাবের কয়েকজন কর্মকর্তার পাশাপাশি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নূর হোসেনও কোনো না কোনোভাবে জড়িত বলে মনে করেন ওই এলাকার সরকারি দলের সাংসদ শামীম ওসমান। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে না কাউকে বাঁচাতে চাইছেন।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার প্রশাসনিক তদন্ত কমিটির কাছে এমন বক্তব্য দিয়েছেন শামীম ওসমান। হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করেছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুইটা ২০ মিনিট পর্যন্ত কমিটি শামীম ওসমানের বক্তব্য নেয়। পরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন শামীম ওসমান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন শামীম ওসমান।
আগের দিন সোমবার তদন্ত কমিটির কাছে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছিলেন, সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জের গডফাদাররা প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, জড়িত।
সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘পত্রিকা যা পড়েছি ও টিভিতে যা দেখেছি, তাতে উনি (আইভী) এবার আমার নাম বলেননি। প্রথম প্রথম নাম উচ্চারণ করতেন। এবার শুধু গডফাদারে এসেছেন। আমার বিশ্বাস, আগামীতে গডফাদারও বলবেন না।’
এ সময় আইভীকে ‘দুর্নীতিবাজ’ দাবি করে শামীম ওসমান বলেন ‘ওকে তো গুরুত্বসহকারে বিবেচনাও করি না।’ আইভীর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারবেন বলেও দাবি করেন তিনি।
সাংবাদিকদের পরিচয় দিয়ে প্রশ্ন করার আহ্বান জানান শামীম ওসমান। বক্তব্য দেওয়ার সময় বরাবরের মতো তিনি প্রথম আলোর সমালোচনা করেন।
শামীম ওসমান জানান, তিনি কমিটিকে বলেছেন, ওই হত্যাকাণ্ড নিছক কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার কাজ, নাকি রাষ্ট্রকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র তা ভেবে দেখতে হবে। এই বিষয়গুলো জানার জন্য নূর হোসেনকে দরকার। ক্ষমতা থাকলে তিনি কালকেই নূর হোসেনকে ভারত থেকে নিয়ে আসতেন।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, শামীম ওসমান বলেন, সাত খুনের ঘটনার এক ঘণ্টার মধ্যে তিনি মন্তব্য করেছিলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন কর্মকর্তা হয়তো ওই ঘটনা ঘটিয়েছেন। তাঁর সেই কথা সত্য প্রমাণিত হয়েছে। কয়েকজন স্বীকারোক্তি দিয়ে বলেছেন, কাউন্সিলর নজরুলসহ কীভাবে তাঁদের হত্যা করা হয়েছে।
শামীম ওসমান সাংবাদিকদের বলেন, সরকারি দলের সাংসদ হয়েও এক ঘণ্টার মধ্যে ওই ঘটনা জানানোর জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাঁর দাবি, তদন্ত কমিটিও তাঁকে বলেছে, অবশ্যই এই সাহসী পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য।
সাংবাদিকেরা জানতে চান, এক ঘণ্টার মধ্যে তিনি কীভাবে এই ঘটনার কথা জানলেন। জবাবে শামীম ওসমান বলেন, ‘আমি এক ঘণ্টার মধ্যে না আধা ঘণ্টার মধ্যে জেনেছি। কারণ যে এলাকা থেকে তাঁদের তুলে নেওয়া হয়েছে, সেটি আমার নির্বাচনী এলাকা। আর সাধারণ মানুষ কিন্তু তাঁর নেতার কাছে খবরটি দেয়। যখন তারা দেখছে রক্ষক ভক্ষক হয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, তখন তো আর তাঁদের কাছে যাওয়ার প্রশ্নই নেই।’
ঘটনা জানার পরপরই র‌্যাবের সিইও, অতিরিক্ত মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সবাইকে জানিয়েছিলেন বলে কমিটিকে জানান শামীম ওসমান।
হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি নূর হোসেন নিজের লোক নয় বলে দাবি করে শামীম ওসমান বলেন, ‘নূর হোসেন আমার লোক হলে আইভী তাকে বড় বড় কাজ দেন কেন?’ আইভীর ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা উচিত বলেও মন্তব্য করেন শামীম।
হত্যাকাণ্ডের পর নূর হোসেনের সঙ্গে মুঠোফোনে শামীম ওসমানের কথোপকথন ফাঁসের প্রসঙ্গটি তুললে শামীম ওসমান স্বীকার করেন তিনি নূর হোসেনের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘যেদিন কথা হয়েছে সেদিন তারিখ ছিল ২৯ (এপ্রিল), লাশ পাওয়া গেছে ৩০ তারিখ। একটা অপরিচিত নম্বর থেকে ফোন করে বলেছিল আপনি বাপ লাগেন, আমাকে বাঁচান, আমি লেখাপড়া জানি না, ভুল করেছি...।’ ওই কথোপকথন থেকে জানা যায়, নূর হোসেনের পাসপোর্টে সিল (ভিসা) আছে কি না জানতে চান শামীম ওসমান। এ বিষয়ে জানতে চাইলে শামীম ওসমান দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শমতো তিনি তা করেছেন। তিনি বরাবারের মতো প্রশ্ন রাখেন, টেপটি নিশ্চয়ই গোয়েন্দারা করেছেন, তাহলে তাঁকে (নূর হোসেন) ধরলেন না কেন?
নারায়ণগঞ্জের মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভোগেন বলে আগের দিন মেয়র আইভী অভিযোগ করেছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ সারা দেশের মানুষের মতোই নিরাপদ। আর খুন তো ওয়াশিংটন ডিসিতেও (যুক্তরাষ্ট্রের রাজধানী) হয়।
মামলাটি সমাধানের জন্য কমিটিকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলেও জানান শামীম ওসমান। তবে কী পরামর্শ দিয়েছেন তা সাংবাদিকদের বলতে রাজি হননি তিনি। তদন্ত কমিটিকে দেওয়া তাঁর পরামর্শে খুনিরা বেরিয়ে আসবে কি না, জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটি সহায়ক হবে।
ত্বকী হত্যার জন্যও তদন্ত কমিটি হওয়া উচিত বলে মনে করেন মামীম ওসমান। কারণ হিসেবে তিনি বলেন, এই রানা-আরিফরাই (সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র্যাবের কর্মকর্তা) ত্বকী হত্যার তদন্ত করেছিলেন।
পরে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, প্রয়োজন মনে করেই তাঁরা হত্যাকাণ্ডের ব্যাপারে শামীম ওসমানের বক্তব্য নিয়েছেন।