নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি কাউন্সিলর নূর হোসেনের গাড়ির চালক মিজানুর রহমান দিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার পটুয়াখালী সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে নারায়ণগঞ্জের উদ্দেশে নিয়ে যাওয়া হয় তাঁকে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফয়জুল ইসলাম মণ্ডল জানান, মিজানুর রহমান পটুয়াখালীতে অবস্থানকালে পাঁচ দিন ধরে র্যাব সদস্যরা তাঁর ওপর নজরদারি রাখছিলেন। পরে গতকাল বেলা দেড়টার দিকে এক অভিযান চালিয়ে পটুয়াখালী সদর রোডের নতুন বাজার এলাকায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে তাঁকে আটক করা হয়। অভিযানে পটুয়াখালী ক্যাম্পের র্যাব সদস্যরা ছাড়াও অংশ নেয় নারায়ণগঞ্জ থেকে আসা র্যাবের একটি দল।
অধিনায়ক ফয়জুল ইসলাম বলেন, দিপুর বিরুদ্ধে কয়টি মামলা আছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বাড়ি বরগুনার আমতলী উপজেলার চাওড়া গ্রামে।
নারায়ণগঞ্জ নগর আওয়ামী লীগের নেতা কাউন্সিলর নূর হোসেন নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও খুনের ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর বর্তমানে ভারতের একটি কারাগারে আছেন তিনি। গত ১৪ জুন রাতে কলকাতার একটি অ্যাপার্টমেন্ট থেকে সেখানকার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এরপর গতকাল পটুয়াখালীতে গ্রেপ্তার হলেন তাঁর গাড়িচালক দিপু।