নূর হোসেন কাশিমপুর কারাগারে
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সেখানে স্থানান্তর করা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ২৭ এপ্রিল সাত খুনের পরে ভারতে পালিয়ে যান নূর হোসেন। ওই বছরের ১৪ জুন কলকাতার বাগুইআটিতে পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অবস্থানের মামলা হয়। গত মাসে ভারত সরকার সেই মামলা প্রত্যাহার করে নিলে নূর হোসেনের দেশে ফেরার পথ সুগম হয়। গত বৃহস্পতিবার রাতে তাঁকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। গত শুক্রবার তাঁকে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই তাঁকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।