নূর হোসেনকে যেকোনো সময় হস্তান্তর
সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ বৃহস্পতিবার যেকোনো সময় বাংলাদেশের হাতে হস্তান্তর করবে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নূর হোসেনকে আনতে পুলিশের একটি দল যশোর বেনাপোল সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে অপেক্ষা করছেন। যেকোনো সময় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে পুলিশ জানিয়েছে।
এদিকে প্রথম আলোর কলকাতা প্রতিনিধি অমর সাহা একটি সূত্রে বরাত দিয়ে জানিয়েছেন, ভারতের স্থায়ীয় সময় বিকেল সাড়ে ৫টার দিকে দমদম কেন্দ্রীয় কারাগার থেকে নূর হোসেনকে বের করা হয়। সেখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে নূর হোসেনকে যশোরের বেনাপোলে নেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন প্রথম আলোকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বলেন, নূর হোসেনের বিরুদ্ধে আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাসহ পুলিশের দলটি আজ যশোরের বেনাপোলের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে নারায়ণগঞ্জ জেলা পুলিশের দলটি রওনা হয়েছেন।
উত্তর-পূর্ব ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার একদিন পরই নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনকে ফেরত পাঠানোর খবর শোনা যাচ্ছে।