নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলী কুমিল্লায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল বুড়িচং উপজেলার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে রহম আলীকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।
মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মণ্ডল জানান, রহম আলী পলাতক নূর হোসেনের অন্যতম সহযোগী। খুনের ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাঁকে গ্রেপ্তার করতে পারায় ওই খুনের ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করেন র্যাব-১১-এর কতিপয় সদস্য। এর তিন দিন পর সাতজনেরই মৃতদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।