নূর হোসেনের সহযোগী আ.লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাশার সিদ্ধিরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগে দরপত্র নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডল জানান, মামলায় কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে বাশারের নাম এসেছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়ে আগামীকাল (আজ) শনিবার আদালতে পাঠানো হবে।