নূর হোসেনের সহযোগী আনোয়ার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সিদ্ধিরগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী আনোয়ার হোসেন আশিককে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি চৌধুরীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আনোয়ারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সাতটি মামলার পরোয়ানা ছাড়াও ১২-১৩টি মামলা রয়েছে।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণের পর খুন করার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি মামলা করেন। ওই মামলায় আনোয়ার ছিলেন ৬ নম্বর আসামি। পরবর্তী সময়ে আদালতে জমা দেওয়া পুলিশের অভিযোগপত্র থেকে তিনি অব্যাহতি পান। খুনের মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর তিনি সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আওয়ামী লীগে যোগ দেওয়ার পর থেকে আনোয়ার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়ার ক্যাডার হিসেবে কাজ করে আসছিলেন। গত ৩১ জানুয়ারি চাঁদার দাবিতে আনোয়ারের নেতৃত্বে সন্ত্রাসীরা হিরাঝিল এলাকার মক্কিনগর মাদ্রাসায় হামলা চালিয়ে অধ্যক্ষসহ পাঁচজনকে মারধর করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আনোয়ার হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, দাঙ্গা, বিস্ফোরণসহ বেশ কিছু মামলার আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বলেন, ভাঙচুর, মারামারিসহ সাত মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আনোয়ারের বিরুদ্ধে।