নূর হোসেনের সহযোগী আবুল বাশার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাত খুনের ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, এই মামলার কয়েকজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাত খুনের ঘটনায় বাশারের সম্পৃক্ততার কথা বলেছেন। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালতে রিমান্ডের আবেদন করা হবেও বলে জানান তিনি।

গ্রেপ্তারকৃত আবুল বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান। তিনি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে সিদ্ধিরগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের দরপত্র নিয়ন্ত্রণ করতেন।