নূর হোসেনের সহযোগী আরিফুল হক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ঘনিষ্ঠ সহযোগী সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হককে গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

র‍্যাবের ভাষ্যমতে, এ সময় তাঁদের কাছ থেকে ৪৮ ক্যান বিয়ার ও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে র‌্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকা থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। আরিফুলের (৩৭) দুই সহযোগী হলেন কুতুবআইল এলাকার মো. আক্তার হোসেন (৩৪) ও মো. সুমন হোসেন (২৮)।

র‌্যাব-১১-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের পাশে র‌্যাব-১১ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে একটি ব্যক্তিগত গাড়ির গতিরোধ করা হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বিয়ার ও মদ উদ্ধার করা হয়। পরে গাড়িটি জব্দ এবং গাড়িতে থাকা আরিফুল, আক্তার ও সুমনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।