নূরজাহানের ওপর হামলা মামলার আসামিরা জামিন পেলেন
চাঁপাইনবাবগঞ্জের বহুল আলোচিত শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য নূরজাহান বেগমের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ ১৪ জনের জামিন মঞ্জুর হয়েছে। গত রোববার চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (‘খ’ অঞ্চল) সেলিম রেজার আদালত থেকে আসামিদের জামিন দেওয়া হয়। সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক ও মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক এ খবর নিশ্চিত করেছেন।
পিপি জবদুল হক প্রথম আলোকে জানান, নূরজাহান বেগমের সঙ্গে আসামিদের সমঝোতার কারণে এ জামিন মঞ্জুর করা হয়। গত রোববার নূরজাহান বেগম আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘হামলার সময় আমি কাউকে চিনতে পারিনি। আসামিদের জামিন দিলে আমার আপত্তি নেই।’ জামিনের ব্যাপারে অনাপত্তির কথা বলেন মামলার বাদী নূরজাহানের মা মর্জিনা বেগমও। এর পরিপ্রেক্ষিতে প্রধান আসামি মোবারকপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি তৌহিদুর রহমানসহ ১৪ জনের জামিন মঞ্জুর করেন আদালত। তবে রাষ্ট্রপক্ষ থেকে জামিন মঞ্জুরের প্রবল বিরোধিতা করা হয়। এ ক্ষেত্রে নূরজাহান বেগমের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানায়, নূরজাহান বেগম সমঝোতা করতে বাধ্য হয়েছেন। তা না করলে তাঁর জীবন আরও হুমকির মধ্যে পড়ত।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি বাসযোগে বাড়ি ফেরার পথে বিএনপির সন্ত্রাসীরা শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের কলাবাড়ির কাছে নূরজাহান বেগমকে বাস থেকে নামায়। এরপর তাঁর দুই হাত ও পায়ের রগ কেটে দেয় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতরভাবে আহত করে।