নৃশংসতার চর্চা বাস্তবে, ভার্চ্যুয়াল জগতে
>

• উত্তরায় সক্রিয় পাঁচটি গ্যাং।
• ডিসকো বয়েজের ৩১ জন আদনানকে খুন করে।
• আদনানের পরিবার বাড়িছাড়া।
• গ্রেপ্তার ২২ আসামির ১৫ জন জামিনে বেরিয়েছে।
• কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অস্থির স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
ছেলেকে হারানোর পর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কবীর হোসেন। ছেলে আদনান কবীর এক বছর আগে উত্তরায় সমবয়সী ও দু-এক ক্লাস ওপরে পড়া ছাত্রদের হাতে খুন হয়েছিল। খুনি চক্রের অব্যাহত হুমকির মুখে সপরিবারে কবীর হোসেন এখন উদ্বাস্তু।
হত্যাকাণ্ডটি ঘটেছিল গত বছরের ৬ জানুয়ারি উত্তরা ১৩ নম্বর সেক্টরের কাছে। ওই দিন সন্ধ্যায় উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র আদনানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার ২২ আসামির ১৫ জন জামিনে বেরিয়ে আসে। আদনানের অন্য দুই ভাইকে বাঁচাতে হলে মামলা তুলে নিতে হবে, আসামিরা আদনানদের বাসায় গিয়ে এই হুমকি দিলে এলাকা ছাড়েন কবীর হোসেন। আদনানের বাবা কবীর হোসেন ১৯৯২ সাল থেকে উত্তরার বাসিন্দা।
জানা গেছে, শুধু আদনান কবীরের পরিবার নয়, এমন পরিস্থিতির শিকার হচ্ছে অন্যরাও। গত বৃহস্পতিবার ছুরিকাহত হয়ে উত্তরার স্থানীয় একটি স্কুলের ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়, উত্তরার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও এক ছাত্র। ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রের সঙ্গে একটি মেয়ের বন্ধুত্ব হওয়ার ‘অভিযোগে’ একদল কিশোর ওই ছাত্রকে হুমকি দিতে শুরু করে। ছাত্রটি শেষ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকা ছেড়ে চলে গেছে। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অস্থির স্থানীয় নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।
উত্তরা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি অতিষ্ঠ। প্রায়ই সন্তানদের অসুবিধার কথা জানিয়ে অভিভাবকেরা তাঁকে অভিযোগ জানাচ্ছেন। তাঁর ছাত্ররা ঠিক কী ধরনের সমস্যায় পড়ছে জানতে চাইলে তিনি বলেন, কলেজের প্রাক্তন একজন ছাত্র হোস্টেলে থাকা দুই শতাধিক ছাত্রের কাছ থেকে প্রতিদিন ২০ টাকা করে চাঁদা আদায় করে। সন্ধ্যার সময় হোস্টেলে থাকা ছাত্রদের ক্যাম্পাসে এনে পড়াত স্কুল কর্তৃপক্ষ। বখাটেদের অত্যাচারে এই উদ্যোগ বাদ দিতে হয়েছে।
কলেজের একাধিক শিক্ষক জানান, রাস্তা দিয়ে আসার সময় বখাটেরা ছেলেদের পকেটে হাত ঢুকিয়ে টাকা-পয়সা নিয়ে নেয়। এমনকি এক ছাত্রকে দিয়ে তার অভিভাবককে ফোন করিয়ে বিকাশের মাধ্যমে টাকা আদায় করেছে। অভিযুক্ত ছাত্রটির বিরুদ্ধে দুটি মামলা হয়, জামিনে ছাড়া পেয়ে বেরিয়ে এসে আবারও সে ও তার দল একই কাজ করছে।
আদনান খুন হওয়ার পর উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এক ডজন কিশোর গ্যাংয়ের অস্তিত্ব খুঁজে পেয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে শুধু উত্তরাতেই পাঁচটি গ্যাং খুঁজে পায় তারা। ডিসকো বয়েজ, নাইন স্টার ক্লাব, নাইন এমএম, সেভেন এমএম এবং বিগ বস নামে এই গ্যাংগুলোর সঙ্গে উত্তরায় নানা অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ধরপাকড় হওয়ায় কিছুদিনের জন্য কিশোর গ্যাংগুলো আড়ালে চলে গেলেও গত বছরের সেপ্টেম্বরে তারা ফেসবুকে ফিরে আসার ঘোষণা দেয়। আবারও শুরু হয় উৎপাত।
উত্তরা পুলিশের বিভিন্ন সূত্র জানায়, আদনান খুনের পর তদন্ত করতে গিয়ে তারা বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সম্পৃক্ততা পেয়েছে। এগুলোর মধ্যে উত্তরা ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মতো নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। তবে এর বাইরেও উত্তরা হাইস্কুল, হাবিবুল্লাহ বাহার স্কুল অ্যান্ড কলেজ, হলি চাইল্ড স্কুলের কিছু ছাত্রের নাম আছে। বড় কোনো গন্ডগোল বা মারামারির সময় টঙ্গী ও গাজীপুর থেকে কিছু শিক্ষার্থী এসে যুক্ত হয় বলে তারা জানতে পেরেছে।
অবশ্য পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহেনশাহ মাহমুদ ২৭ জানুয়ারি প্রথম আলোকে বলেন, উত্তরায় এখন আর কিশোর গ্যাংয়ের অস্তিত্ব নেই। সেখানে ‘গ্যাংগিরি’ করার সুযোগও নেই। এসব অপকর্মে যাকে পাওয়া যাবে তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের অত্যাচারে কেউ এলাকা ছেড়ে গেছে এমন তথ্য তাঁর জানা নেই।
গ্যাং কালচারের চর্চা যেভাবে
উত্তরার গ্যাংগুলো ফেসবুকে হত্যা, খুনসহ নৃশংস বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। সেই সঙ্গে দল বেঁধে মাঠে চাঁদা আদায়, ছিনতাই, মারধর করছে। এক গ্যাংয়ের ওয়াল থেকে অন্য গ্যাংকে হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। ফেসবুকেই তারা অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের দলে ভেড়ানোর ঘোষণা দিয়ে থাকে।
উত্তরার সবচেয়ে প্রভাবশালী দুটি গ্যাংয়ের একটি ডিসকো বয়েজ ও অন্যটি নাইন স্টার। এই গ্যাংগুলোর সদস্যরা প্রধানত উত্তরার ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাইস্কুল, হোলি চাইল্ডসহ আরও বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। এর বাইরে দলে কিছু শ্রমজীবী কিশোরও আছে। উচ্চ, মধ্য ও নিম্নবিত্ত তিন ধরনের পরিবারের সদস্যরাই এসব গ্যাংয়ের সঙ্গে জড়িত। একটি দল যখন অন্যটির ওপর চড়াও হয়, তখন তাদের সহযোগিতায় বাকি গ্যাংগুলো এগিয়ে আসে।
গত সেপ্টেম্বরে ফেসবুকে নিজেদের দেয়ালে ডিসকো বয়েজ মোটরসাইকেল শোভাযাত্রার ছবি দিয়ে তারা লিখেছে, ‘ডিসকো বয়েজ আসছে, উত্তরা কাঁপছে।’ প্রতিপক্ষ নাইন স্টার গ্রুপকে শায়েস্তা করার জন্য তারা যে ‘বিগ বসের’ সঙ্গে হাত মিলিয়েছে তারও ঘোষণা আছে ফেসবুক পেজে। সেখানে লিখেছে, ‘বিগবস-ডিসকো, টুগেদার হিয়ার টু সেভ ইউ ফ্রম বস্তি পিপল।’ কেউ আত্মহত্যা করতে চাইলেও ডিসকো বয়েজ গিয়ে খুন করে আসবে বলে ঘোষণা দিয়েছে। অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ করে লিখেছে, ‘ওয়ান্ট গ্যানজাম? ক্লাস এইট, নাইন, ইলেভেন-এর মাইলস্টোন কলেজের ছাত্ররা রেডি হও। উই আর কামিং টু মেক ইউ বড়।’ ফেসবুকের ওয়ালজুড়ে ছুরি, গ্রেনেড, হাতুড়ি, স্ক্রু ড্রাইভার ও পিস্তলের ছবি।
নাইন স্টারের অনুসারীরা পাল্টা ঘোষণা দিয়েছে রাজুই উত্তরার ‘কিং’। এই রাজু ইয়াবা মামলায় গ্রেপ্তারের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। রাজুর বাবা উত্তরায় তালাচাবি মেরামতের কাজ করতেন। সে কারণে রাজুকে অন্য গ্যাংয়ের অনুসারীরা তালাচাবি রাজু বা বস্তি রাজু বলে থাকে।
পুলিশ বলছে, কিশোর আদনানের সম্পৃক্ততা ছিল নাইন স্টারের সঙ্গে। ঘটনার কিছুদিন আগে ডিসকো বয়েজের নেতা বা ‘বড় ভাই’ শাহরিয়ার বিন সাত্তার ওরফে রায়হান আহমেদ সেতু ওরফে ডিসকো সেতুর সঙ্গে বিবাদে জড়িয়েছিল ‘তালাচাবি রাজুর’ নেতৃত্বাধীন নাইন স্টার গ্রুপের কিশোরেরা। এরই জের ধরে ডিসকো বয়েজের কমপক্ষে ৩১ জন মিলে আদনানকে খুন করে।
আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে আসামিরা বলেছে, মামলার এক নম্বর আসামি নাঈমুর রহমান অনিক হকিস্টিক দিয়ে আদনান কবীরের মাথার পেছনে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপর অন্য কিশোরেরা হাতুড়ি, স্ক্রু ড্রাইভার, রড ও ছুরি দিয়ে আঘাত করে আদনানকে রাস্তায় ফেলে যায়।
দায় কার?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ পরিস্থিতির দায় প্রথমত পরিবারের, দ্বিতীয়ত শিক্ষাব্যবস্থার। পরিবারগুলোর চিন্তা বৈষয়িক উন্নতিকেন্দ্রিক। এতে করে দুর্নীতির বিশাল বিস্তার ঘটেছে এবং পরিবারগুলো নৈতিক অবস্থান থেকে সরে যাচ্ছে। এর একটা প্রভাব শিশু-কিশোরদের ওপর পড়ছে।
সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সনদনির্ভর লেখাপড়া শিশুদের বিনোদন বা অবসর দিতে পারে না। তারা গেমস খেলে বা ফেসবুক ব্যবহার করে। গেমস গ্যাং কালচার শেখায়, খেলার মাঠে দলের যে ধারণা তৈরি হয় তা শেখায় না।
গত ডিসেম্বরে জামিনে মুক্তি পেয়েছে এমন এক কিশোরের বাবা গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলেটার মাথা গরম। কেউ বেয়াদবি করলে সহ্য করতে পারে না। ইংরেজি ভার্সন থেকে জিপিএ ৫ পেয়েছে। অনেকে তার সঙ্গে চলে। এইটা অন্যদের সহ্য হয় না। তারাই ফাঁসায়।’ তাঁর কোনো দায় আছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, পরিবারে সামান্য অশান্তি আছে। এটার কারণে হয়তো ছেলের মাথা গরম। তবে সে বড় কোনো অপরাধ করেনি।
উত্তরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত একাধিক শিক্ষক বলেছেন, অভিভাবকদের দিক থেকে তাঁরা আন্তরিকতার অভাব দেখেন। কিশোরেরা সন্ধ্যার পর মোড়ে মোড়ে আড্ডা দিচ্ছে, তাদের হাতে স্মার্টফোন, কাঁধে ডিএসএলআর ক্যামেরা। অভিভাবকদের সতর্ক করলেও অনেক সময় তাঁরা গ্রাহ্য করছেন না।