নেচে-গেয়ে চলছে অপচিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির উঠানে শামিয়ানা দিয়ে ঘেরা প্যান্ডেল। ভেতরে চারটি কলাগাছ পোঁতা। এর ভেতরে দুটি চেয়ার। একটিতে মাঝবয়সী একজন পুরুষ, অন্যটিতে এক নারী বসা। জ্বলছে মোমবাতি, আগরবাতি ও ধূপ। একটি বাঁশের ঝুড়িতে রাখা হয়েছে ডাব, কলাসহ বিভিন্ন ধরনের ফল। চারদিকে লোকের জটলা।
কলাগাছের চারদিকে ঘুরে ঘুরে হাততালি দিয়ে নাচছেন-গাইছেন সাতজন কুমারী ও তিনজন পুরুষ। নাচের তালে তালে চেয়ারে বসা মধ্যবয়সী ওই পুরুষ ‘ইল্লিসফিল্লিস, সাড়ে সাত কোটি দেবতার দোহাই’সহ বিভিন্ন মন্ত্র পড়ে ওই নারীর শরীরে ফুঁ দিচ্ছেন এবং নিমগাছের পাতা দিয়ে গা ঝাড়ছেন। মানুষের ভিড় ঠেলে গতকাল শুক্রবার সকালে প্যান্ডেলের ভেতরে ঢুকে জানা গেল, ওই পুরুষ একজন কবিরাজ।
এলাকার কয়েকজন জানান, কথিত ওই কবিরাজ দুদিন ধরে নেচে-গেয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলার প্রামাণিক পাড়া গ্রামের মাহিদুলের স্ত্রী শরিফা বেগমের (২৩) জিন তাড়ানোর চিকিৎসা করছেন। মধ্যবয়সী ওই পুরুষ জানান, তিনি জিন তাড়ান, তাঁর নাম সাত্তার কবিরাজ, বাড়ি রংপুর সদর উপজেলার পান্ডারদিঘী এলাকায়।
উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে ইকরচালীর প্রামাণিক পাড়া গ্রাম। ওই গ্রামের বাসিন্দা মাহিদুল হোসেন। দিনমজুরি করে চলে তাঁর পাঁচ সদস্যের সংসার। এক বছর আগে তাঁর দ্বিতীয় মেয়েশিশু হঠাৎ মারা যায়। ছয় মাস থেকে তাঁর স্ত্রী শরিফা বেগমের খাবার রুচি নেই, মাথা ঘোরে, হাত-পা ব্যথা করে, প্রায়ই অজ্ঞান হয়ে পড়েন।
মাহিদুল হোসেন বলেন, ‘স্ত্রীর জন্য এখন পর্যন্ত ৪০ হাজার টাকার মতো ডাক্তার-কবিরাজের পিছে খরচ করছি। কিন্তুক ভালো হবার নাগছে না। রাইত হইলে হাত-পা জ্বলে। ব্যথায় অজ্ঞান হয়াও যায়। ওই কবিরাজ দেখি কইছে ওক (শরিফা) জিনে ধরছে। জিন না তাড়াইলে ভালো হবার নেয়। তাই বুধবার থাকি দিনে তিন ঘণ্টা রাতে দুই ঘণ্টা করে মোর বউয়োক (স্ত্রী) ঝাড়োছে। কিন্তু দুই দিনে রোগীর কোনো উন্নতি হয় নাই।’
কবিরাজ সাত্তার (৪৮) জানান, দুই বছর ধরে তিনি কবিরাজি করছেন। জিন, ভূতে ধরা ব্যক্তিদের তিনি সম্পূর্ণরূপে এভাবে ঝাড়ফুঁক দিয়ে সুস্থ করে তোলেন। তাঁর দাবি, এভাবে চারদিন ঝাড়ফুঁক করার পর রোগী সুস্থ হয়ে উঠবে। রোগীর কাছ থেকে টাকা নেওয়ার কথা মুখে অস্বীকার করলেও কৌশলে তিনি হাতিয়ে নেন হাজারো টাকা।
মাহিদুল হোসেন জানান, কবিরাজ ও তাঁর সঙ্গে আশা পাঁচজন নারী-পুরুষকে ১০০ টাকা করে প্রতিদিন দেওয়া হয়। তাঁদের খাওয়া ও থাকার ব্যবস্থা করতে হয়েছে তাঁকে। এ ছাড়া প্রামাণিক পাড়া গ্রামের যে সাতজন কুমারী প্যান্ডেলের ভেতরে কবিরাজের সঙ্গে নাচছেন, তাঁদেরও প্রতিদিন খাওয়াতে হয়। কবিরাজকেও চার দিনের মাথায় তাবিজ-ওষুধের জন্য দিতে হবে পাঁচ হাজার টাকা।
ইকরচালী ইউপি সদস্য জিয়াউর রহমান বলেন, এটি তো চিকিৎসা নয়, এটা হচ্ছে ভণ্ডামি। জিন তাড়ানোর নামে দুদিন ধরে এখানে ভণ্ডামি করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এমবিটিসি) শাহাজান মুঠোফোনে বলেন, এটি সম্পূর্ণ ভাঁওতাবাজি। চিকিৎসাবিজ্ঞানে ভূত বলতে কিছু নেই। চিকিৎসার নামে সাধারণ লোকজনের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। কবিরাজকে পুলিশে দেওয়া উচিত। ওই নারীর শারীরিক ও মানসিক সমস্যা হতে পারে।
তারাগঞ্জ থানার ওসি তাপস সরকার বলেন, খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করব।