নেছারাবাদ ও কাশিয়ানীতে দুই গৃহবধূকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নেছারাবাদ ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যৌতুক না পেয়ে গত রোববার স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের নির্যাতনে দুই গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
নিহত গৃহবধূরা হলেন নেছারাবাদের স্বরূপকাঠি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের রেফায়েত শরিফের স্ত্রী আসমা খাতুন (২২) ও কাশিয়ানীর ধলগ্রামের ফরিদ মোল্লার স্ত্রী নাসরিন বেগম (২০)।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, চার বছর আগে স্বরূপকাঠির সেহাঙ্গল গ্রামের রেফায়েত শরিফের সঙ্গে মাগুরা গ্রামের মোস্তফা হাওলাদারের মেয়ে আসমা খাতুনের বিয়ে হয়। ওই দম্পতির আড়াই বছরের একটি ছেলে রয়েছে। বিয়ের পর থেকে রেফায়েত স্ত্রীকে যৌতুকের জন্য প্রায়ই শারীরিক নির্যাতন করতেন। গত রোববার সকালে ও দুপুরে রেফায়েত আসমাকে কয়েকবার মারপিট করেন। ওই দিন বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় আসমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় আসমার বাবা থানায় খবর দিলে হাসপাতাল থেকে রেফায়েতকে আটক করে পুলিশ। এ ঘটনায় আসমার বাবা রেফায়েতসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেন।
নিহত নাসরিন বেগমের ভাই বাবুল সিকদার অভিযোগ করেন, তাঁদের বাড়ি কাশিয়ানীর সিতারামপুর গ্রামে। প্রায় তিন বছর আগে পাশের ধলগ্রামের ফরিদ মোল্লা ও তাঁর বোনের বিয়ে হয়। সম্প্রতি তিনি আবারও ৫০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল যৌতুক দাবি করেন। এ দাবি মেটাতে না চাইলে ফরিদ ও তাঁর পরিবারের সদস্যরা নাসরিনকে রোববার বিকেলে পিটিয়ে মারাত্মক আহত করেন। পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নাসরিনের মৃত্যু হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, নাসরিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক।