নেছারাবাদে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের সুতারবাড়ি গ্রামে গতকাল বুধবার রাতে মো. আবদুর রহিম নামের (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই আবদুর রব বাদী হয়ে একই গ্রামের বেল্লাল হোসেনকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় বেল্লালের বাবা শাহাদাৎ হোসেন (৬০) ও মা মনোয়ারা বেগমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সুতারবাড়ি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে বেল্লাল হোসেনের (২২) সঙ্গে একই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে বৃষ্টি বেগমের (২০) দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর বৃষ্টিকে বেল্লাল প্রায়ই মারপিট করত। এ কারণে এক বছর আগে বৃষ্টি বাবার সঙ্গে ঢাকায় গিয়ে বসবাস শুরু করেন। সম্প্রতি বৃষ্টি বাবার সঙ্গে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে এসে ফুপুর বাড়িতে ওঠেন। গতকাল বুধবার বিকেলে বেল্লাল বৃষ্টির ফুপুর বাড়িতে গিয়ে বৃষ্টিকে মারপিট করেন। রাত নয়টার দিকে বৃষ্টির চাচা মো. আবদুর রহিম ও ফুপা ফারুক হোসেন বেল্লালের বাড়িতে গিয়ে বৃষ্টিকে মারপিটের কারণ জানতে চান। এ সময় বেল্লাল ও তাঁর পরিবারের লোকজন আবদুর রহিম ও ফারুকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে বেল্লাল কুড়াল নিয়ে তাঁদের কোপাতে থাকেন। এতে আবদুর রহিম ও ফারুক (৪৫) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুর রহিমকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাজীব কুমার বিশ্বাস বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে আবদুর রহিমের মৃত্যু হয়েছে। ফারুক হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বেল্লাল ঘটনার পর পলাতক। তাঁকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।