নেছারাবাদে শিক্ষককে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকারকে (৩০) আটকে রেখে নির্যাতনের ঘটনায় থানায় মামলা হয়েছে।
গতকাল বুধবার সকালে নেছারাবাদ থানার এসআই বাদল কৃষ্ণ বাদী হয়ে মৈশানী গ্রামের নয়ন গাজীকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে আটজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। গতকাল বুধবার সকালে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সাগরকান্দা গ্রামের মাইনুল ইসলাম ও একই গ্রামের সিতুল তালুকদার।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নয়ন গাজীর নেতৃত্বে সাত–আটজন যুবক মৈশানী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিধান চন্দ্র সরকারকে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ এনে মারধর করেন। এরপর তাঁকে গ্রামের একটি মন্দিরে নিয়ে আটকে রাখেন এবং কয়েক দফা মারধর করেন। পরদিন শনিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানসহ কয়েকজন বিধানকে উদ্ধার করেন। এরপর বিধান বরিশালের একটি হাসপাতালে চিকিৎসা নেন।
নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, মারধরের ঘটনায় ওই শিক্ষক কোনো লিখিত অভিযোগ না করায় পুলিশ বাদী হয়ে মামলা করে।