নেতা-কর্মীদের ওপর হামলার জন্য মেয়রকে দায়ী করল আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের সন্ত্রাসী বাহিনী জামায়াত-শিবিরের মদদে শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর এবং তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে। গতকাল সোমবার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
খাগড়াছড়ি পৌর নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা ও তৎকালীন সাধারণ সম্পাদক জাহেদুল আলমের মধ্যে বিরোধ দেখা দেয়।
এই বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলা ও মিছিল-সমাবেশ হয়ে আসছে। গত রোববার প্রতিপক্ষের হামলায় খাগড়াছড়ি জেলা শ্রমিক লীগের আহ্বায়ক জানু সিকদার (৩৭) আহত হন।
শহরের একটি গেস্টহাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির হোসেন খান। লিখিত বক্তব্যে বলা হয়, জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. জাহেদুল আলম ও পৌর মেয়র রফিকুল আলম নিজস্ব সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালালেও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা ও
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী।
সভা-সমাবেশ নিষিদ্ধ: পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, লাঠিমিছিল এবং গতকাল খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে একই সময় দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় অনির্দিষ্টকালের জন্য শহরে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।
গতকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান নিষেধাজ্ঞা জারির সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে জারি করা এ নিষেধাজ্ঞা কেউ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।